সব পথ মিলেছে বিপণিকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। গতকাল ছুটির দিনে ঈদের কেনাকাটায় রাজধানীর বিপণিবিতানগুলোয় ছিল উপচে পড়া ভিড়। বিকেলে নিউমার্কেট এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। গতকাল ছুটির দিনে ঈদের কেনাকাটায় রাজধানীর বিপণিবিতানগুলোয় ছিল উপচে পড়া ভিড়। বিকেলে নিউমার্কেট এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মতিঝিল অফিসপাড়া থাকে নীরব। স্থানীয় বিভিন্ন ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ছাড়া মানুষের তেমন উপস্থিতি দেখা যায় না। ফুটপাতে বসে না হকার। কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা গেল গতকাল দুপুরের আগে। ফুটপাতগুলোতে কর্মমুখর দিনের ব্যস্ততা। মতিঝিল থেকে গুলিস্তানে গিয়ে দেখা গেল, ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। এ চিত্র ছিল রাজধানীর সব বিপণিকেন্দ্রগুলোতে। সব পথ যেন মিলেছে বিপণিকেন্দ্রগুলোতে।
গতকাল রাজধানীর সড়কগুলো ছিল যানবাহনে ঠাসা। বিশ্বকাপের মাতামাতি, সপ্তাহের অন্যান্য দিনের কর্মব্যস্ততার পর ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে নেমে পড়েন নগরবাসী। এ কারণে যানজটও বেড়ে যায় শহরে।
পবিত্র রমজান মাসের ১৯তম দিন ছিল গতকাল। গতকাল ছিল এ মাসের তৃতীয় জুমা। মহানগরের মসজিদগুলোতে ছাদে বা সামনের খোলা জায়গায়, এমনকি অনেক ক্ষেত্রে সামনের সড়কেও নামাজ আদায়ের জন্য বাড়তি স্থানের ব্যবস্থা করা হয়। জুমার নামাজের পর কেনাকাটা করতে সপরিবারে বেরিয়ে পড়েন অনেকে। মিরপুর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিউমার্কেটে কেনাকাটা করতে আসেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রকিবুল ইসলাম। জানালেন, মিরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিউমার্কেটে আসতেই দেড় ঘণ্টার মতো লেগেছে। বললেন, ‘সপ্তাহের অন্যান্য দিনে কেনাকাটা করতে আসা সম্ভব হয় না অফিসের ব্যস্ততার কারণে। ভেবেছিলাম আজ তুলনামূলকভাবে ভিড় কম হবে। এখন দেখছি ঘটনা উল্টা। ভিড়ের কারণে বউ-বাচ্চা নিয়ে কেনাকাটা করা দূরে থাক, হাঁটাই দায়!’
শাহবাগ থেকে মিরপুর রোড, কলাবাগান, ওদিকে গাউছিয়া মার্কেট, এলিফ্যান্ট রোডে দুপুরের পর থেকেই যানবাহনের শম্বুকগতি। ফার্মগেট থেকে শাহবাগগামী এবং সোনারগাঁ হোটেল থেকে পান্থপথের রাস্তায় প্রায় সারা দিনই ভিড় লেগেছিল। নারীদের পোশাক কেনাকাটায় মধ্যবিত্তের পছন্দের স্থান গাউছিয়া মার্কেটের সামনে ঈদের বাজারের সেই চেনা ভিড়। হরেক রকমের ঈদের শাড়িতে দোকানের তাক ভরিয়ে রেখেছেন বিক্রেতারা। বেচাকেনা জমজমাট দেখা গেল শাহবাগের আজিজ সুপার মার্কেটের দোকানগুলোতে।
এই মার্কেটে অবস্থিত নিত্য উপহারের বাহার রহমান বললেন, এমনিতে তুলনামূলকভাবে এবারে বিক্রিবাট্টা মন্দা ছিল। চাকরিজীবীদের একটি বিরাট অংশ ইতিমধ্যে বোনাস পেয়ে গেছেন। সেই হিসাবে আজকের দিনটি মূলত চাকরিজীবীরা বেরিয়েছেন কেনাকাটা করতে। এ কারণে হঠাৎ করে ভিড় একটু বেশিই হয়ে গেছে।
পলওয়েল সুপার মার্কেটে গিয়ে দেখা গেল, বিক্রেতাদের দম ফেলার ফুরসত নেই। শ্যাওড়াপাড়া থেকে সুমন ও রিমন জামা কিনতে এসেছেন এখানে। বড় ভাই রিমন জানালেন, গত বৃহস্পতিবার বেতন ও বোনাস হয়েছে। এ কারণে গতকাল ছোট ভাইকে নিয়ে এসেছেন তৈির প্যান্ট ও ফরমাল শার্ট কিনতে। এ মার্কেটের একটি দোকানের প্রতিনিধি তৈয়ব বললেন, ‘দুপুরে জুমার পর থেকে দোকানে ক্রেতার চাপ হঠাৎ বেড়ে যায়। এসি থাকা সত্ত্বেও দোকানে প্রচণ্ড গরম। এখন বেশি দাম না চেয়ে কম লাভে এক দামে বিক্রি করছি আমরা।’
বাজারে বিচিত্র পোশাকের সমাহারে পছন্দের সমস্যা নেই। সমস্যা ছিল অন্য জায়গায়। গতকাল দুপুরের আগে ছিল গায়ে জ্বালা দেওয়ার মতো গরম। বেলা তিনটা পর্যন্ত মাথার ওপরে খররোদ ছিল। আর পথে দুর্বিষহ যানজট। বিকেলে ইলশেগুঁড়ি বৃষ্টি। প্রকৃতির এমন শাসনও ঈদের বেচাকেনার কাছে পাত্তা পায়নি। বিক্রেতারা আশা করছেন, আজ শনিবার এ ধারা অব্যাহত থাকবে।