সব পথ মিলেছে মেলায়

একে তো ছুটির দিন, তার ওপর জেঁকে বসেছে শীত। এমন দিনে ঘরে লেপের ভেতর থাকাই আরামের। কিন্তু নতুন বছরের প্রথম ছুটির দিন আর বাণিজ্য মেলা মিলে যেন ঘর ছাড়ায় প্ররোচিত করেছে নগরবাসীকে। মানুষের বিপুল উপস্থিতিতে মনে হয়েছে শহরের সব পথ যেন এসে মিলেছে আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে।
দুপুর থেকে যাঁরা মেলায় এসেছেন, মিষ্টি রোদ আর মৃদু বাতাস তাঁদের স্বাগত জানিয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে শুরু হয়েছে মেলামুখী মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আছে তাতে। বেশির ভাগ দর্শনার্থীই এসেছেন আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে। পদ্মা সেতুর আদলে তৈরি মেলা ফটক পার হতে ছোটদের ২০, বড়দের ৩০ টাকার টিকিট লেগেছে।
মেলায় আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের তৈরি সুদৃশ্য স্টল। শিশু পণ্যের স্টল সাজানো হয়েছে শিশুদের বিনোদনের উপযোগী করে। খাবার ও খেলনার দোকান শিশুদের আবদার মেটাতে সহায়তা করছে অভিভাবকদের।
শেওড়াপাড়া থেকে আসা মিজানুর রহমানের সঙ্গে তাঁর তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে। তিনি বললেন, ‘এবার মেলায় শুধু বেচাকেনাই নয়, দেখার কিছু বিষয়ও আছে। বিশেষ করে শিশুদের বিনোদনের সুযোগ যেমন আছে, তেমনি শিক্ষামূলক বিষয় আছে। যেখান থেকে তারা ইতিহাসও জানতে পারবে।’
মেলার মূল ফটক পেরিয়েই বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। প্যাভিলিয়নের দেয়ালে ১৬ ডিসেম্বরের বিজয় অর্জনের মুহূর্ত; মানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। ফুটিয়ে তোলা হয়েছে ৭ মার্চের ভাষণের সময় সোহরাওয়ার্দী উদ্যানের আবহ।
মেলার ভিআইপি গেটের পাশে গেলে চমকে উঠতে হয়। গাছের সঙ্গে ঝুলে আছে অজগর সাপ! কোনো গাছের ডাল ধরে ঝুলছে বানর। তার নিচের জলাশয়ে পানি পান করছে হরিণ। পাশেই শিকার ধরতে ওত পেতে আছে বাঘ। বেশ খানিকটা জায়গাজুড়ে বিভিন্ন প্রজাতির গাছ, গোলপাতা, সুন্দরী গাছের পাতা দিয়ে সাজানো হয়েছে সুন্দরবন ইকোপার্ক। ভিন্ন রকমের আয়োজন হওয়ায় বড়-ছোট সব বয়সের মানুষেরই ভিড় দেখা গেল সেখানে।
এই পার্কটির কনসেপ্ট ডিজাইনার জামিউর রহমান জানান, মেলায় ঘুরতে আসা মানুষকে পরিবেশ ও প্রাণী সংরক্ষণের বিষয়ে সচেতন করতেই এই আয়োজন।

মেলা ঘুরে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ইকোপার্কের পাশের শারিকা ফ্যান্টাসি পার্কে। শিশুদের বিনোদনের জন্য তৈরি এ পার্কে আছে চড়কি, ট্রেন, থ্রিডি অ্যানিমেশন দেখার সুযোগ। শিশুদের সঙ্গ দিতে কোনো কোনো অভিভাবকও চড়ছেন রাইডগুলোতে।
এর সামনে কথা হয় নর্দা কালাচাঁদপুর থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা আফরোজের সঙ্গে। তিনি শুধু নিজেই আসেননি, ইব্রাহীমপুর, রামপুরা, মানিকদী, মণিপুরিপাড়া থেকে সঙ্গে এনেছেন চাচাতো-খালাতো বোনদেরও। বেলা একটায় মেলায় ঢুকে ঘুরে ঘুরে দেখেছেন। ফারজানা বলেন, ‘শুক্রবার আসলে কোথাও না কোথাও যাওয়া হয়। আজ বাণিজ্য মেলায় আসলাম।’
ফারজানার সঙ্গে এসেছে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া চাচাতো বোন স্নেহা জাহান। তার সরল কথা, ‘মেলায় এসে খুবই ভালো লাগছে। অন্যদিন স্কুল থাকে, কোচিং থাকে। ছুটির দিনে তাই ঘুরতে ভালো লাগে।’
মেলায় প্রথমবারের মতো পাটের তৈরি ব্যাগ প্রদর্শন করছে বাংলাদেশ পাটকল করপোরেশন। নাম দেওয়া হয়েছে ‘সোনালি ব্যাগ’। একজন কর্মী জানালেন, এখনো বিক্রি করা হচ্ছে না এ ব্যাগ। ব্যবহারের পর ২ থেকে ৬ মাসের মধ্যে ব্যাগটি মাটিতে মিশে যাবে।
দেশি-বিদেশি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় রয়েছে ক্ষুদ্র প্রতিষ্ঠানের স্টলও। কেউ ঘুরে ঘুরে নতুন আসা পণ্য দেখছেন, কেউবা আবার কিনে ফেলছেন পছন্দের প্রয়োজনীয় পণ্য। ‘কাশ্মীরি শাল’ নামক দোকানের সামনে কথা হয় মিরপুর ১০ থেকে আসা মোহাম্মদ মিলনের সঙ্গে। পরিবার নিয়ে মেলায় এসেছেন তিনি। মিলন বলেন, ‘ভেবেছিলাম এবার শীত বেশি পড়বে না। কিন্তু গত দুই দিনের শীতের কারণে এখন মেলায় এসেছি শীতের কাপড় কিনতে। পাশাপাশি মেলাও দেখছি।’
মেলা ঘুরে ক্লান্ত হলে একটু বিশ্রাম নিতে পারলে ভালো হয়; এমনটা যাঁরা ভাবছেন তাঁদের জন্য আছে খাবারের দোকান। দাম নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মেলার ভিআইপি গেটের পাশে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টল। খাবারের দাম বেশি রাখা হচ্ছে মনে হলেই অভিযোগ জানাতে পারেন এই স্টলে। ব্যবস্থা তৎক্ষণাৎ।