সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবসরের বয়স ৬৫ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়সসীমায় সমতা এনে ৬৫ বছর করা হচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আইন আলাদাভাবে সংশোধন না করে নতুন একটি আইন করা হচ্ছে। অনুমোদনের জন্য শিগগিরই প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় উঠছে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২’ নামে প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভার আগামী বৈঠকেই উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এটি আইনে পরিণত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন মন্ত্রিসভায় উঠবে। সেখানে অনুমোদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কিছুদিন আগে প্রথম আলোকে বলেছিলেন, বর্তমানে শিক্ষকদের অবসরের বয়সসীমা একেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে একেক রকম। এ জন্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করা হবে। কাজটি যাতে দ্রুত হয়, সে জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন না করে একটি আইন করা হচ্ছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের মে মাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি জানান। এ সময় রাষ্ট্রপতি তাঁদের গুরুত্বপূর্ণ দুটি দাবি মানার আশ্বাস দেন। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যদের প্রাত্যহিক কাজের ‘ঝুঁকি ও দীর্ঘ সময়সীমা’র বিষয়টি বিবেচনা করে তাঁদের একটি ভাতা দেওয়া এবং সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমায় সমতা এনে ৬৫ বছর করা। পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনিও সবার অবসরের বয়স ৬৫ করার আশ্বাস দেন।এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোর তত্ত্বাবধানকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উল্লিখিত দুটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ইতিবাচক মত দেয়। ইউজিসির সবুজ সংকেত পেয়ে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে অর্থ ও সংস্থাপন (বর্তমান জনপ্রশাসন) মন্ত্রণালয়ের মতামত চায়। কিন্তু বেশ কিছুদিন চলে গেলেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকেরা এ নিয়ে গত নভেম্বর কর্মবিরতিও পালন করেন।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর। অন্যগুলোতে এ বিষয়ে ভিন্নতা রয়েছে। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর। তবে ৬০ বছর পূর্ণ হওয়ার পর শর্তসাপেক্ষে তা তিন দফায় পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।