তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা বেতন-ভাতা পেলেন না। আর এ জন্য গতকাল রোববারও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরোধ করে রাখেন শ্রমিকেরা।
ঈদের আর এক বা দুই দিন বাকি থাকলেও এখনো অনেক পোশাক কারখানার শ্রমিকই গতকাল পর্যন্ত বেতন-ভাতা পাননি। অবশ্য কতগুলো কারখানা এখনো বেতন-ভাতা দেয়নি, সেই সংখ্যা নিয়ে আছে বিভ্রান্তি।
শিল্প পুলিশের দাবি, ৯৪ শতাংশ কারখানা বেতন-ভাতা দিয়েছে। তবে ৬ শতাংশ কারখানার শ্রমিকেরা পাননি। এর মধ্যে বেশির ভাগই হচ্ছে ঠিকা বা সাব-কন্ট্রাক্টে কাজ করে এমন কারখানা। এগুলো আবার পোশাকমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কারোরই সদস্য নয়। ফলে শঙ্কা থেকেই যাচ্ছে।
অন্যদিকে শ্রমিকনেতাদের দাবি, ১৫ শতাংশ কারখানায় শ্রমিকেরা বেতন-ভাতা পাননি। বর্তমানে এ ধরনের কারখানার সংখ্যা প্রায় সাড়ে তিন শ। যদিও বিজিএমইএর নেতাদের দাবি, তাঁদের সদস্যদের মধ্যে ৯৯ শতাংশ কারখানার শ্রমিকেরাই বেতন-ভাতা পেয়েছেন। তোবা গ্রুপ ছাড়া কোথাও বড় সমস্যা নেই।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘যেসব কারখানা বেতন-ভাতা পরিশোধ করেছে, তাদের মধ্যে ২৫ শতাংশ কারখানা বেতন দিলেও বোনাস দেয়নি, আবার বোনাস দিলে ওভারটাইম দেয়নি।’
শিল্প পুলিশ গতকাল রাতে জানায়, সারা দেশে তিন হাজার ৬৫৫টি পোশাক কারখানা আছে। গতকাল পর্যন্ত আশুলিয়া-সাভার এলাকার ৪৫৮ কারখানার মধ্যে ৪১০, গাজীপুরের ৯৭৫ কারখানার মধ্যে ৯০১, নারায়ণগঞ্জের ৮৫৮ কারখানার মধ্যে ৮৩৭ এবং চট্টগ্রামের ৬৭৪ কারখানার মধ্যে ৬২১টি চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দিয়েছে। এসব কারখানার অধিকাংশই চলতি মাসের ১৫ থেকে ২০ দিনের বেতন দিয়েছে। আর মাঝারি ও ছোট মানের কারখানার মালিকেরা যত টাকা বোনাস দিয়ে আপস করাতে পারছেন, তা–ই দিচ্ছেন।
শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম বলেন, ‘যেসব কারখানা বেতন-ভাতা দেয়নি, আশা করছি কাল (আজ সোমবার) দিয়ে দেবে।’
ঈদ অনিশ্চিত তোবার শ্রমিকদের: তিন মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকালও তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে উত্তর বাড্ডার নিজস্ব কারখানা ভবনে অবরোধ করে রাখেন শ্রমিকেরা। গত শুক্রবার বিকেল থেকে এ অবস্থা চলছে।
বিজিএমইএর নেতারা প্রতিবছর সংবাদ সম্মেলন করে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার বিষয়টি জানান। গতকাল দুপুর ১২টার দিকে বিজিএমইএ থেকে এ-সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন বিকেল চারটায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানানো হয়। তবে দুই ঘণ্টা পরই আবার ‘অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত’ করে একটি বার্তা পাঠায়।
এ প্রসঙ্গে বিজিএমইএর এক নেতা বলেন, তোবার শ্রমিকদের বেতন-ভাতা গতকাল দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা অনিশ্চিত হয়ে পড়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। কারণ, বিজিএমইএর নেতারা গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়তে চাননি।
গতকাল সন্ধ্যায় তোবা গ্রুপের শ্রমিক শামীমা আক্তার বলেন, ‘শ্রমিকদের সবাই কান্নাকাটি করছে। টাকা না পেলে কারোরই ঈদ করা হবে না।’ তিনি জানান, শনিবার দুপুরে দেলোয়ারের শ্যালক রুবেল হোসেনকে টাকা জোগাড়ের জন্য ছেড়ে দেওয়া হয়। তবে তিনি এখন উধাও।
জানা যায়, তোবা গ্রুপের তোবা ফ্যাশনস, তোবা টেক্সটাইল, বুকশান গার্মেন্টস, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন—এই পাঁচ কারখানায় কাজ করেন তিন হাজার শ্রমিক। তাঁরা মে, জুন ও জুলাই মাসের বেতন পাননি। বেতন-ভাতার দাবিতে গত বুধবার তোবার এক হাজার ২০০ শ্রমিক বিজিএমইএ ভবন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।
তোবা শ্রমিকেরা কি বেতন-ভাতা পাবেন না—এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, ২০-২৫ লাখ টাকা জোগাড় করার চেষ্টা করছে মালিকপক্ষ। তাতে প্রত্যেক শ্রমিক আজ রাতে (গতকাল) দুই থেকে তিন হাজার টাকা করে পেতে পারেন।’ তবে গতকাল রাত আটটা পর্যন্ত তোবার শ্রমিকেরা বেতন-ভাতা পাননি বলে জানা গেছে।
সমস্যা বেশি ঠিকা কাজ করা কারখানায়: রপ্তানি করে এমন কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা কমবেশি দিলেও ঠিকা কাজ করা কারখানাগুলোতেই বেশি সমস্যা হচ্ছে। এ ধরনের বেশির ভাগ কারখানা বেতন-ভাতা না দিয়েই বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন তথ্যই দিলেন শ্রমিকনেতা থেকে শুরু করে বিজিএমইএর নেতারা।
এ প্রসঙ্গে শ্রমিকনেতা সিরাজুল ইসলাম বলেন, ‘বেশির ভাগ সাব-কন্ট্রাটিং ফ্যাক্টরি বোনাস তো দূরে থাক, বেতনই দেয়নি। এসব কারখানা বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এসব কারখানার মালিক বিভিন্নভাবে শ্রমিকদের ঠকাচ্ছেন, প্রতারিত করছেন।’