সব পৌরসভায় সেনা চায় বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আবারও সব কটি পৌরসভার নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। গতকাল বুধবার বিএনপির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়। জামায়াতে ইসলামীও গতকাল পৃথকভাবে কমিশনের কাছে একই দাবি জানিয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, কেবল যেখানে প্রয়োজন সেখানেই সেনা মোতায়েন করা হবে। এ বিষয়ে কমিশনের আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল বেলা তিনটার দিকে কমিশনে যায়। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের কাছে দাবি করেন, পৌর নির্বাচন আইনগতভাবে নির্দলীয় হলেও সরকারি দল দলীয়ভাবে ঘোষণা দিয়েই মাঠে নেমেছে। প্রশাসনের কর্মকর্তাদের তারা দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে। এ ছাড়া তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডারদের উৎপাতে সারা দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। থানা বিএনপির প্রার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা সব কটি নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।’ এম কে আনোয়ার জানান, নির্বাচনী অনিয়ম সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু অভিযোগ তাঁরা কমিশনের কাছে জমা দিয়েছেন। কমিশন অভিযোগ বিবেচনা করবে বলে জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘কমিশন আগে ভেবেছিল সন্ত্রাস সীমিত আকারে হবে, তাই সীমিত আকারে সেনা মোতায়েনের কথা বলেছিল। কিন্তু এখন সর্বাত্মক সন্ত্রাস হচ্ছে। তাই আমরাও সর্বাত্মক সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।’ এরপর সিইসি এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমি বৃহত্তর ময়মনসিংহ জেলা ঘুরে এসেছি। একজনও বলেনি যে নির্বাচন সুষ্ঠু হবে না। তবে সব জায়গায় একই রকম অবস্থা নাও থাকতে পারে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে। কোথায় কোথায় সেনা মোতায়েন করা যায়, সে বিষয়ে কাল (আজ বৃহস্পতিবার) কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে। যেখানে প্রয়োজন হবে, সেখানেই সেনা মোতায়েন করা হবে।’ বিএনপির দাবি সম্পর্কে সিইসি বলেন, ‘রাজনৈতিক দল এমন অভিযোগ করেই থাকে। এটা ’৯১ সাল থেকে দেখে আসছি। তার পরও আমরা বিষয়টি দেখব। অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ বিএনপির এই বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন আবদুল্লাহ আল নোমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী প্রমুখ। জামায়াত: গতকাল বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত আমির আবদুস সুবহানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে। তারা নির্বাচনী পৌরসভার প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানায়। জামায়াতের এই প্রতিনিধিদলে আরও ছিলেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকার ও সাংসদ হামিদুর রহমান আযাদ।