প্রধান বিরোধী দল বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে সব পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা কয়েকটি পৌরসভায় সেনা মোতায়েন করবে।বিএনপির সংসদীয় প্রতিনিধিদল গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানায়। কমিশন কার্যালয়ে ওই বৈঠক বেলা সাড়ে ১১টা থেকে বেলা একটা পর্যন্ত চলে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন উপস্থিত ছিলেন। বিএনপির ১২ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। এর আগেও কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক আকারে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছিল।বৈঠক শেষে জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি পৌরসভায় সেনা মোতায়েন করা দরকার। এ জন্য বিএনপির পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন।’এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ জানান, বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ কমিশনের কাছে জমা দেওয়া হয়নি। তবে সবার জন্য সমান ক্ষেত্র প্রস্তুত করতে কমিশনকে অনুরোধ করা হয়েছে।বৈঠকের পর সিইসি শামসুল হুদা পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনসংক্রান্ত কমিশনের আগের সিদ্ধান্তই সাংবাদিকদের কাছে পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচনে সব পৌরসভায় সেনা মোতায়েনের প্রয়োজন আছে বলে কমিশন মনে করছে না। তাই সব পৌরসভায় সেনা মোতায়েনের কোনো পরিকল্পনাও কমিশনের নেই। কিছু পৌরসভায় সীমিত আকারে সেনা মোতায়েন করা হবে। তিনি সুষ্ঠুভাবে পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, নির্দলীয় নির্বাচনে কোনো দলীয় অভিযোগ কমিশন নেবে না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কমিশন তা যাচাই করবে।