
দেশের দ্রুত উন্নয়নের জন্য সব প্রকল্পের কাজ যথাসময়ে ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি বিদ্যুৎকেন্দ্রসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ নির্দেশনা দেন। খবর বাসসের।
ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। প্রত্যেক এলাকায় আরও অনেক প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এ জন্য দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সময়মতো শেষ করতে হবে।’
গতকাল উদ্বোধন হওয়া বিদ্যুৎকেন্দ্র তিনটি হচ্ছে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। এই তিন কেন্দ্রের মাধ্যমে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১০০তে উঠল। ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে গত সাড়ে ছয় বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৭৩টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি সরকারি মালিকানাধীন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২ হাজার ১১৬ কোটি টাকা। ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র দেশে প্রথম সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের বিদ্যুৎকেন্দ্র। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩২৬ কোটি টাকা। আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ভায়েলেটেক্স লিমিটেড ও শাহজীবাজার পাওয়ার প্ল্যান্টের একটি আইপিপি প্ল্যান্ট। এটির নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর ফলে জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলো।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী অন্য যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সিলেটে কাজীর বাজারে সুরমা নদীর ওপর কাজীর বাজার সেতু, নয়াকান্দি সেতু, হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিটিংচর ও সাটুরিয়া সেতু, সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, পোস্তগোলায় সরকারি আধুনিক ময়দার মিল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম, ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেলক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টার-সেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ এবং মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শহর অংশকে (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ।
এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, মানিকগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস ও ঢাকায় খাদ্য অধিদপ্তরে মন্ত্রী, বিভিন্ন সাংসদ, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় গণভবনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলপথমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবেরা। দেশে বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার সময় দেশে বিদ্যুতের সংকট ছিল ভয়াবহ। এ সংকটের সমাধানে সরকার কিছু পদক্ষেপ নেয়। তিনি বলেন, ‘ক্রিকেটের মতো বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আমার সরকার সেঞ্চুরি করেছে। এটি একটি বিশাল অর্জন।’ ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস যে এ সময় আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব।’
শেখ হাসিনা বলেন, শুধু বিদ্যুৎ খাতই নয়, কৃষি, অবকাঠামো, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও পরিবেশসহ অন্যান্য খাতেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রকল্প গ্রহণকালে সেখানে একটি জলাধার রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।