সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু করতে হবে।
গতকাল বুধবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত তিন দিনের শিক্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দাবি জানান। সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩৫০ জন শিক্ষক সম্মেলনে অংশ নিয়েছেন।
গতকালের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় চট্টগ্রামের বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আইসিটিতে এগোচ্ছে দেশ। কিন্তু এ ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলো অনেক পিছিয়ে। আমার বিদ্যালয় থেকে আমিই একমাত্র আইসিটির প্রশিক্ষণ পেয়েছি। তা-ও অল্প দিনের। এখন সেই প্রশিক্ষণও কাজে আসছে না। কারণ ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ইন্টারনেট সুবিধা নেই। থাকে না বিদ্যুৎ। শিক্ষার গুণগত মান বাড়াতে দ্রুত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু দরকার।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ই-লার্নিং বিশেষজ্ঞ ফারুক আহমদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোও আইসিটিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষক বাতায়নে শিক্ষকেরা প্রায় দেড় লাখ কনটেন্ট তৈরি করেছেন, যা বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে উন্নত।’
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আসিফ-উজ-জামান বলেন, ‘১০ বছর আগেও আমরা কল্পনা করিনি আইসিটিতে দেশ এভাবে এগিয়ে যাবে। কিন্তু সে তুলনায় প্রাথমিক বিদ্যালয়গুলো পিছিয়ে আছে। প্রয়োজনীয় সামগ্রীও অনেকটা অপ্রতুল। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। খুব শিগগির সারা দেশের ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে।’
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান ও গিয়াস উদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক ইলিয়াস হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।
এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।