চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থী যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হালিশহরের সর্বস্তরের জনগণের সঙ্গে গতকাল মঙ্গলবার একমত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হালিশহর এলাকার একটি কমিউনিটি সেন্টারে হালিশহর থানার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির সভায় সূচনা বক্তব্য দেন। ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনসহ বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীও সভায় বক্তৃতা করেন।
সিএমপি কমিশনার বলেন, ‘আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালন করছি। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী কাজ করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ নাগরিকেরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, প্রচারণা যাতে সবাই সমানভাবে করতে পারেন, এলাকায় এলাকায় গিয়ে পুলিশের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হবে।’
আবদুল জলিল মণ্ডল বলেন, ‘নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, আমি সেই পদক্ষেপগুলো নেব। গত ছয় মাসে আমাকে আপনারা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচনের সময়েও পর্যবেক্ষণ করবেন। আমার মধ্যে নিরপেক্ষতার বিন্দুমাত্র হেরফের হবে না। আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, ইতিমধ্যেই আপনারা তা জেনেছেন।’