সব প্রার্থীই নির্বাচনী খরচ মেটাবেন অন্যের টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা প্রত্যেকেই নির্বাচনী ব্যয় মেটাবেন অন্যের টাকায়। হলফনামায় প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন।
হলফনামায় বিএনপি-সমর্থিত আজিজুর রহমান নির্বাচনী ব্যয় দেখিয়েছেন পাঁচ লাখ টাকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী শ্যালিকা দিলারা ইয়াসমিন দিয়েছেন তিন লাখ টাকা, নিজের ব্যবসা থেকে নিয়েছেন এক লাখ এবং বোরহানউদ্দিন নামের এক ব্যবসায়ী দিয়েছেন এক লাখ টাকা।
আওয়ামী লীগ-সমর্থিত মো. মোতাহার হোসেন মোল্লা নির্বাচনের ব্যয় দেখিয়েছেন ১০ লাখ টাকা। এর মধ্যে ভাতিজা সাইফুল ইসলামের কাছ থেকে নিচ্ছেন পাঁচ লাখ এবং নিজের আয় থেকে নেবেন পাঁচ লাখ টাকা।
আওয়ামী লীগ থেকে সমর্থন না পাওয়া মো. রুহুল আমিন নির্বাচনের ব্যয় দেখিয়েছেন ১০ লাখ টাকা। এর মধ্যে সিঙ্গাপুরপ্রবাসী ভাতিজা আফতাব মাসুদের কাছ থেকে নিয়েছেন চার লাখ টাকা, সিঙ্গাপুরপ্রবাসী ভাই সিরাজউদ্দিনের কাছ থেকে তিন লাখ, নিজের আয় থেকে দুই লাখ এবং অন্যদের কাছ থেকে এক লাখ টাকা নিচ্ছেন তিনি।
ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন খানকে তাঁর মামা আলতাফ হোসেন দিয়েছেন তিন লাখ, স্ত্রী দিয়েছেন দুই লাখ, ধার করেছেন এক লাখ, এক ব্যক্তি দিয়েছেন দুই লাখ এবং নিজের ব্যবসা থেকে নিয়েছেন দুই লাখ টাকা। ফকির ইসকান্দর আলম নিজ ব্যবসা থেকে ৫০ হাজার, শ্বশুরের কাছ থেকে এক লাখ ও মামার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। রেজাউর রহমান লস্কর নিজের পেশা থেকে দুই লাখ, এক ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ এবং অপর ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। মো. সেফাউল হক ভাতিজি ও ভাতিজার কাছ থেকে ৫০ হাজার টাকা করে, ভাগনের কাছ থেকে আড়াই লাখ ও ৫০ হাজার টাকা ধার নিয়েছেন। এ ছাড়া সেফাউল হককে রুহুল আমিন নামের এক চিকিৎসক স্বেচ্ছায় এক লাখ টাকা দেবেন এবং নিজ ব্যবসা থেকে সেফাউল ৫০ হাজার টাকা নেবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার দেবরের কাছ থেকে নিয়েছেন এক লাখ, প্রবাসী ছোট ভাইয়ের কাছ থেকে দুই লাখ এবং এক লাখ টাকা ধার নিয়েছেন। রওশন আরা সরকার নিজের দোকান ভাড়া থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। এ ছাড়া প্রবাসী মেয়ের স্বামী পাঁচ লাখ এবং প্রবাসী ছেলে পাঁচ লাখ টাকা দিয়েছেন।