সব বই পায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা
পটুয়াখালীর বাউফল উপজেলার ২৩১টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী সব বিষয়ের বই পায়নি। ছয়টি বিষয়ের মধ্যে তিন বিষয়ের বই পেয়েছে।
উপজেলার কালাইয়া, নাজিরপুর ও নওমালা ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার কথা বলে এ তথ্য জানা গেছে। তবে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনই বিনা মূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা বলেন, এ বছর চতুর্থ শ্রেণির জন্য ৮ হাজার ৪৯৪ সেট ও পঞ্চম শ্রেণির জন্য ৮ হাজার ২৪২ সেট বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের নতুন বই পৌঁছানো হলেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা—এই তিন বিষয়ের নতুন কোনো বই তাঁদের কাছে পৌঁছায়নি। এ কারণে শিক্ষার্থীদের হাতে ওই তিন বিষয়ের বই এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সবাই সব বিষয়ের বই পেয়েছে। কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা কয়েক বিষয়ে বই পায়নি। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির আশিকুর রহমান বলেন, ‘ছোটরা সব বই পেয়েছে। ওদের মনে খুব আনন্দ। আমরাও বছরের প্রথম দিনই সব বই পেলে ওদের মতো আনন্দ পেতাম।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল রায় বলেন, বই পাওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর বাকি তিন বিষয়ের বই বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, খুব কম সময়ের মধ্যে যাতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের নতুন বই পৌঁছানো যায়, সে প্রচেষ্টা চলছে।