সব বাধা ছিন্ন করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওরা সহায়-সম্বলহীন পরিবারের ছেলেমেয়ে। কিন্তু মেধাবী। ছোটবেলায় একজন বাবা ও অন্যজন মা হারিয়েছে। আরেকজনের বাবা হাটবাজারে বাঁশের তৈরি ঝুড়ি বিক্রি করেন। আর অন্য একজনের বাবা ফুটপাতের চা বিক্রেতা। এমনও অনেক দিন গেছে, ওরা তিন বেলা পেট পুরে ভাত খেতে পায়নি। তবু ওরা দমেনি। দারিদ্র্যের সব বাধা ভেঙে করেছে চুরমার। এবার জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পাস করেছে।
হঠাৎ বাবার মৃত্যু, তখন সে ষষ্ঠ শ্রেণিতে
হাসান উদ্দিন তখন দৈনিক ভোরের কাগজ-এ কম্পিউটার অপারেটরের কাজ করতেন। তাঁর পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের নাজিরপুর গ্রামে। পরিবার নিয়ে থাকতেন রাজধানীর শান্তিবাগের ভাড়া বাসায়। একদিন হঠাৎ স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। একমাত্র ছেলে ফাহমিদ হাসান তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অকালে বিধবা হওয়া ফারজানা আক্তার ছেলে ফাহমিদকে নিয়ে পড়েন ঘোর বিপদে। এমন সময় তাঁর প্রয়াত স্বামীর কয়েকজন সহকর্মী অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান। তাঁদের সহায়তার আশ্বাস পেয়ে শান্তিবাগের ওই বাড়িটিরই একটি কক্ষে থেকে যান তিনি। শিশুশিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে সামান্য আয় করেন। খেয়ে না খেয়ে চলে মা-ছেলের সংসার। কিন্তু ফাহমিদ মন দিয়ে পড়াশোনা করে যায়। সে এবার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে।
ফাহমিদ বলে, ‘আব্বাকে হারানোর ব্যথা ভুলতে আমি বেশি করে পড়তাম।’
ফারজানা আক্তার বলেন, ‘ছেলেটার মুখের দিকে চেয়ে এই শহরে থেকে গেছি। ওর বাবার সহকর্মীরা আমাদের নানাভাবে সাহায্য করেছেন।’
ভালো কিছু করে দেখাতে চায় লাবণি
লাবণি ইয়াছমিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এর আগে পিইসিতে জিপিএ-৪ দশমিক ৫৮ ও জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার বাড়ি উপজেলার বেড়াবাজুয়া গ্রামে। বাবা হজরত আলী দিনমজুর, মা হালিমা বেগম গৃহিণী।
লাবণি বলে, উচ্চতর পড়াশোনা করার স্বপ্ন দেখে সে। সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চায়। মা-বাবার আর্থিক কষ্ট দূর করতে চায়। তার বাবা হজরত আলী বলেন, ভিটেমাটিটুকুই সম্বল। এ ছাড়া তাঁর আর কোনো জমিজমা নেই।
নিপুর বাবা বাঁশের ঝুড়ি বিক্রি করেন
বাঁশের তৈরি ঝুড়ি ও ডালা হাটবাজারে বিক্রি করেন রণজিৎ বিশ্বাস। এ দিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে চারজনের সংসার। দুই ছেলেমেয়ে পড়াশোনা করে। এর মধ্যে ছেলে নিপু বিশ্বাস এবার যশোর সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। পিইসি ও জেএসসিতেও সে জিপিএ-৫ পেয়েছিল। উপজেলার কনেজপুর গ্রামের ঋষিপাড়ায় তাদের বাড়ি।
নিপু বিশ্বাস বলে, ‘বিদ্যালয়ের শিক্ষকেরা বই কিনে দিয়েছেন। প্রাইভেটে পড়িয়েছেন, টাকা নেননি। তা ছাড়া আমি দুটি টিউশনি করেছি। যশোর শহরের সরকারি এমএম কলেজে ভর্তি হতে চাই। স্বপ্ন দেখি—একদিন চিকিৎসক হব।’
নিপুর মা সাগরিকা বিশ্বাস বলেন, তাঁদের মেয়েটা পঞ্চম শ্রেণিতে পড়ে। একজন মানুষের উপার্জনে দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগানো, সংসার চালানো ভীষণ কষ্টকর। তিনবেলা তাঁদের খাবারই জোটে না। তবু ছেলেমেয়েকে লেখাপড়া করানোর খুব ইচ্ছা।
সহপাঠীদের বই ধার নিয়ে পড়ত সনিয়া
প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় সনিয়া ইয়াসমিনের মা মারা যান। রান্নাবান্নাসহ বাড়ির সব কাজ তাকেই করতে হতো। পরে সংসারে সৎমা আসেন। জন্ম হয় আরও তিন বোনের। তাদের সামলাতেই মাকে ব্যস্ত থাকতে হয়। আর বাবা সাজেদুর রহমান ফুটপাতে একটি দোকানে চা বিক্রি করেন। তাঁর আয়েই চলে সংসার। বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামে। সনিয়া এবার বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সনিয়া বলে, ‘আম্মা বিনা চিকিৎসায় মারা গেলেন। ঘটনাটা আমাকে খুব কষ্ট দেয়। তবে মনে মনে একটা জেদ চাপে, বড় হয়ে চিকিৎসক হব। এই জেদই আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার শক্তি দেয়। টাকার অভাবে বই কিনতে পারিনি। বান্ধবীদের বই ধার নিয়ে নোট করে পড়াশোনা করেছি। প্রাইভেটে পড়ার কোনো সুযোগ পাইনি।’
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন যশোর অফিস, নাটোর, কেরানীগঞ্জ (ঢাকা) ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি]