
এদের পরিবারে নিত্য অভাব। পড়াশোনার খরচ জোগাতে এক ছাত্রকে তাই রিকশা নিয়ে পথে নামতে হতো। আরেকজন গৃহকর্মী মায়ের আয়ে খেয়ে না খেয়ে দিন পার করেছে। পড়াশোনায় অত্যন্ত ভালো বলে ছাত্রীটিকে শিক্ষকেরা বই-খাতা কিনে দিতেন। আরেক ছাত্রের মুখের অন্ন জোগান দেন তার পোশাক কারখানার শ্রমিক বড় ভাই। প্রতিকূল পরিস্থিতিতেও ওরা দৃঢ় মনোবল নিয়ে পড়াশোনা করেছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল এরা।
রিকশা চালাত ফয়েজুল
ফয়েজুল ইসলামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার সমুদ্র উপকূলীয় গ্রাম চান্দুরপাড়ায়। রাজমিস্ত্রি বাবার আয়ে ছয় সদস্যের পরিবার চলে না। তাই ফয়েজুল কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করত। গৃহশিক্ষকের কাছে পড়তে পারেনি। উল্টো ছাত্র পড়িয়েছে, রিকশাও চালাত সে। তবু এবার কক্সবাজার মডেল হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে সে। এখন স্বপ্ন দেখে চিকিৎসক হওয়ার।
ফয়েজুলের বাবা সামশুল হুদা বলেন, তাঁর আরও তিন ছেলে চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পড়ছে। বাবার ভিটিতে খড়োঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। মা জান্নাত আরা বলেন, তাঁরা ছেলেকে খাওয়াতে-পরাতেই পারেন না, পড়াশোনার খরচ কী করে জোগাবেন!
আঁখি দিনমজুরের মেয়ে
আঁখি মণি একজন দিনমজুরের মেয়ে। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর গোবধা গ্রামের ফজলুল হক ও আমিনা বেগমের ছোট মেয়ে। সে স্থানীয় গন্ধমরুয়া বিএল উচ্চবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে। ১৫ শতক জমিতে বসতভিটা ছাড়া ফজলুলের জায়গাজমি নেই। তাঁর বড় ছেলে আল আমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকে (সম্মান) ও মেয়ে ফারজানা আক্তার লালমনিরহাট সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে স্নাতকে (সম্মান) পড়ছেন।
আঁখি বলে, স্কুলের প্রধান শিক্ষক আফলাতুল ইসলাম ও স্থানীয় দীঘলটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান তাকে পড়াতেন। এ জন্য কোনো টাকা নিতেন না। তাঁরা তাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। বই-খাতা ও কলম কিনে দিতেন। মা আমিনা বেগম বলেন, আঁখি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তাঁর দিনমজুর স্বামীর পক্ষে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানো সম্ভব নয়।
সুনির্মল গৃহকর্মীর ছেলে
প্রথম শ্রেণিতে পড়ার সময় সুনির্মল মল্লিকের বাবা দিনমজুর সুদর্শন মল্লিক মারা যান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নর্তন গ্রামে রেখে যান মাত্র ২ শতক জায়গার ওপর বসতভিটা। তাঁর স্ত্রী সাবিত্রী রানী মল্লিক গৃহকর্মীর কাজ শুরু করেন। এতে মা-ছেলের দুই বেলার খাবার ঠিকমতো জুটত না। সুনির্মল তবু স্কুলের পড়া তৈরিতে মগ্ন থাকত। জেএসসি পরীক্ষার পর সে ছাত্র পড়ানো শুরু করে। এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয় থেকে সে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে।
মা সাবিত্রী বলেন, ‘অনেক মেহনত খাটিয়া ছেলেটারে বড় করছি। নিজের চেষ্টায় ভালা ফল করছে। সামনে দিয়া কিলা লেখাপড়া চালাইব এখন এইটাই চিন্তা।’ সুনির্মল ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে মায়ের দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখে।

বড় ভাইয়ের আয়ে চলে জসিম
জসিম উদ্দিনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামে। বাবা আজগর জোমাদ্দার একসময় স্থানীয় লঞ্চঘাট এলাকায় শ্রমিকের কাজ করতেন। বয়স হওয়ায় ওই কাজ আর করতে পারেন না। তাঁর বড় ছেলে জাহিদ তৈরি পোশাক কারখানার কর্মী। জাহিদের দেওয়া টাকায় কোনোরকমে সংসার চলে। মেজ ছেলে মনির হোসেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষে এবং মেয়ে তানিয়া বেগম চট্টগ্রামের একটি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনাহার–অর্ধাহারে দিন কাটলেও তারা পড়াশোনা চালিয়ে আসছে। এর মধ্যে জসিম এবার বরিশাল জেলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে।
জসিম বলে, নটর ডেম কলেজে ভর্তি হতে চায়। কিন্তু অর্থের অভাবে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত সে। মা তহমিনা বেগম বলেন, ‘মোর পোলাডারে ভিক্ষা কইরা কি ঢাহার (ঢাকা) কলেজে ল্যাহাপড়া করাইতে পারমু?’
বাবা আজগর জোমাদ্দার বলেন, ‘হুনছি কিটনি (কিডনি) বেচন যায়। বাবারে, আমার একটা কিটনি বেইচা দেওয়নের ব্যবস্থা কইরা দেন। আমার পোলাডারে পড়াইতে চাই, অর ইচ্ছা পূরণ করতে চাই।’
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, লালমনিরহাট, জুড়ী (মৌলভীবাজার) ও বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি]