প্রথম আলো তারুণ্যের আলো ছড়ায়। তরুণদের আলোর পথ দেখায়, স্বপ্ন দেখতে ও পূরণে তরুণদের সব সময় উৎসাহিত করে। ১৮ বছরের তারুণ্যে ভরপুর প্রথম আলো সব বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবে। শুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সব অমঙ্গল, অশুভ শক্তি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে এর পথচলা অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া আঞ্চলিক কার্যালয়ে সুধী সম্মিলনীতে এমনটাই প্রত্যাশা করেন অতিথি ও পাঠকেরা। বিকেলে অতিথি ও পাঠকেরা জমজমাট আড্ডা দেন। কেক কেটে ও মিষ্টিমুখ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। এ ছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিথিরা প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নীতি, ইতিবাচক নানা খবর প্রকাশ ছাড়াও পত্রিকার নানা উদ্যোগ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন। সব বাধা-বিপত্তি, প্রতিকূলতা ডিঙিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রথম আলোর এই পথচলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।
অতিথিরা বলেন, দলনিরপেক্ষ সংবাদনীতি, সততা, জবাবদিহি ও স্বচ্ছতার মাধ্যমে সুসাংবাদিকতার ধারা আরও প্রশংসিত হবে। অ্যাসিড ও মাদকবিরোধী আন্দোলন, অদম্য মেধাবীদের পড়াশোনায় বৃত্তি প্রদান, শুদ্ধ ভাষাচর্চায় ‘ভাষা প্রতিযোগ’, সুস্থ বিনোদন চর্চায় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানভীতি কাটাতে ‘গণিত অলিম্পিয়াড’ ও ‘বিজ্ঞান জয়োৎসব’, নানা সমস্যা সম্ভাবনা নিয়ে গোলটেবিলের আয়োজনসহ প্রথম আলোর কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। আরও বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ও কৃষিবিজ্ঞানী এ কে এম জাকারিয়া, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক জে এম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেব দুলাল, সরকারি আজিজুল কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম, লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আমিনুল ফরিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিম হালিম প্রমুখ। পাঠকদের প্রতি ধন্যবাদ জানান প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ।