সব বাধা পেরিয়ে নারীদের এগিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষা গ্রহণ ও বিকাশের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তাই নারীদের এগিয়ে যেতে হবে সব বাধা পেরিয়ে। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে ‘মিলনমেলায়’ প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। গত শুক্রবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়।দীপু মনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছিল এ বিদ্যালয় থেকেই। সেদিক থেকে আরও গুরুত্বপূর্ণ এবং গৌরবের অধিকারী বিদ্যালয়টি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী যোগ দেন। ‘মিলনমেলা’র উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। মিলনমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক জেবুন্নেছা আফরোজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, জেলা প্রশাসক এস এম আরিফউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল প্রমুখ। পরে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক ঘুরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। গতকাল শনিবার অনুষ্ঠানের শেষ দিনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নারীনেত্রী শান্তি গুহ (মরণোত্তর), নূরজাহান বোস ও রাবেয়া খাতুনকে সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।