সব বাধা পেরিয়ে মাধ্যমিকে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ফারিহা তাবাসসুম। পাশে মা-বাবা। রাজধানীর পীরেরবাগের বাসা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ফারিহা তাবাসসুম। পাশে মা-বাবা। রাজধানীর পীরেরবাগের বাসা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

আবুল হাশেম ও রেজিনা সুলতানা দম্পতির বিয়ের প্রায় নয় বছর পর যখন ফুটফুটে এক মেয়ের জন্ম হলো, তখন তাঁদের আনন্দের সীমা ছিল না। কিন্তু হাসপাতাল থেকে বাসায় আসার পর আনন্দের রেশ কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। ছুটলেন হাসপাতালে। এক সপ্তাহ চিকিৎসার পর ফিরলেন বাসায়। মেয়ের নাম রাখলেন ফারিহা তাবাসসুম।
ফারিহার যখন দাঁড়ানোর বয়স হলো, তখন বাবা-মা দেখতে পান সে দাঁড়াতে পারছে না। বয়স বাড়ে, কিন্তু ঠিকভাবে হাঁটতে আর পারে না। সে জন্য অন্য মানুষের সঙ্গে মিশতে চাইত না। চিকিৎসা করাতে গিয়ে জানলেন, তাঁদের মেয়ে ‘সেরিব্রালপালসি’ নামে এক রোগে আক্রান্ত। এতে তার মস্তিষ্কের একটি অংশ স্বাভাবিক কাজ করছিল না। শারীরিক প্রতিবন্ধিতাও ছিল। তবে তাতে দমে যাননি এই দম্পতি। বয়স একটু বাড়লে মেয়েকে স্কুলে দেন।
অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই ফারিহা তাবাসসুম আজ সোমবার শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নিচ্ছে। রাজধানীর মিরপুরের এমডিসি মডেল ইনস্টিটিউট থেকে সে এবার পরীক্ষা দিচ্ছে। শুধু ফারিহা নয়, অটিস্টিক, সেরিব্রালপালসি ও ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত অন্তত আটজন অদম্য শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব রোগের মধ্যে কোনো কোনোটিতে আক্রান্তরা একটু অন্যমনস্ক ও খেয়ালি হয়। আবার কোনোটিতে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো অটিস্টিক রোগে আক্রান্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীর সুবিধার্থে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় ১০ শতাংশ (৩ ঘণ্টার পরীক্ষা হলে ৩০ মিনিট) অতিরিক্ত সময় ও সাহায্যকারী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্রমতে, গতকাল রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন বোর্ডে এ ধরনের আটজন পরীক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারজন ঢাকা শিক্ষা বোর্ডের অধীন। অন্যরা সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও মাদ্রাসা বোর্ডে একজন করে এমন পরীক্ষার্থী রয়েছে। ঢাকা বোর্ডের এক কর্মকর্তা বলেন, কেন্দ্রসচিবদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল দুপুরের পর পীরেরবাগের বাসায় গিয়ে কথা হয় ফারিহা তাবাসসুম ও তার মা-বাবার সঙ্গে। মা রেজিনা সুলতানা বলেন, ‘আমরা সারাজীবন থাকব না, তাই একমাত্র মেয়েকে যদি পড়ালেখা শিখিয়ে যেতে পারি, তাহলে ও সমস্যায় পড়বে না। এ চিন্তা থেকেই একটু বয়স হলেও ওকে স্কুলে পাঠাই।’ এরপর ভর্তি করান ফারিহার বাবা যে স্কুলে শিক্ষকতা করেন, সেই এমডিসি মডেল ইনস্টিটিউটে। এখান থেকেই সে পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, পাস-ফেল যা-ই করুক, এসএসসি পরীক্ষা দিলে অন্তত মেয়ের আত্মবিশ্বাস বাড়বে।
রাজধানীর মতিঝিল এলাকার একটি বিদ্যালয় থেকে এক অটিস্টিক ছাত্রী পরীক্ষা দিচ্ছে। তার বাবা ঢাকা শিক্ষা বোর্ডের কাছে মেয়ের পরীক্ষার জন্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী একজন সাহায্যকারী চেয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ডের এমন অন্য দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে। সে ওই এলাকার সোনারং পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী। আরেকজন রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, এই চার পরীক্ষার্থীকে অতিরিক্ত সময় ও সাহায্যকারীর অনুমোদন দেওয়া হয়েছে।
জানতে চাইলে ইনস্টিটিউট ফর প্যাডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউর পরিচালক অধ্যাপক শাহীন আকতার প্রথম আলোকে বলেন, অটিজমসহ এ ধরনের রোগে আক্রান্তদের খুঁজে বের করে সাহায্য করলে ওরাও পড়ালেখার মূলধারায় যুক্ত হতে পারবে।
মোট পরীক্ষার্থী সাড়ে ১৬ লাখ: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন। সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।