সব বালুমহালের ইজারা বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর সব বালুমহালের ইজারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়া জানান, বালু কাটা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইজারা নেওয়ার নাম করে কৃষকের নদীপারের ফসলি জমির মাটি লুট এবং পরিবেশ ও নদীর গতিপথ নষ্ট করার অভিযোগে সোনারগাঁয়ের ১৪টি বালুমহালের ইজারা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার বারদি, পিরোজপুর, বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়নে মেঘনা নদীতে ১৪টি বালুমহাল রয়েছে। বালুমহালগুলো হলো চর কিশোরগঞ্জ-১, চর কিশোরগঞ্জ-২, চর রমজান সোনা উল্লাহ-১, চর রমজান সোনা উল্লাহ-২, চর রমজান সোনা উল্লাহ-৩, চর রমজান সোনা উল্লাহ-৪, দক্ষিণ নয়নপুর, দক্ষিণবন্দ, ঝগড়ারচর, দক্ষিণ নয়নপুর, নুনেরটেক, চর হোগলা, মীরেরচর ও ছোট দেওভোগ বালুমহাল। এসব বালুমহাল প্রতিবছর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাৎসরিক ইজারা দিত। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকার নির্মাণ ও নিচু ভূমি ভরাট করার কাজে এসব বালুমহাল থেকে উত্তোলন করা বালু ব্যবহার করা হতো।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি সরকারের আমলে এসব বালুমহাল ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইজারা নিয়ে সিন্ডিকেট করে অবৈধভাবে নদীপাড়ের কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেন। কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়া এবং মহালগুলোর একক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিগত পাঁচ বছর ধরে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিভিন্ন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। পরে সরকারের উচ্চমহলের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার ইজারাযোগ্য বালুমহালের তালিকা ও বিলুপ্ত বালুমহালের বিষয়ে মতামত-সম্পর্কিত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
গতকাল রোববার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া কমিটির সিদ্ধান্তের কথা লিখিতভাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠান। এতে উল্লেখ করা হয়, মেঘনা নদীর বালুমহালগুলোতে বালু উত্তোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাঝনদীতে বালুর পরিমাণ কম থাকায় ইজারাদারেরা জোরপূর্বক কৃষকের নদীপারের ফসলি জমির মাটি কেটে নেওয়া, পরিবেশ ও নদীর গতিপথ নষ্ট করার কারণে এ বছর বাংলা ১৪২৩ সন থেকে সোনারগাঁয়ে ১৪টি বালুমহালের সবগুলোর ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া জানান, কমিটির সিদ্ধান্ত মোতাবেক একটি লিখিতপত্র গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
এদিকে মেঘনা নদীর সব বালুমহালের ইজারা বন্ধ রাখার খবর জানাজানির পর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নদীতীরবর্তী গ্রামের মানুষ। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার জানান, বালুমহাল বন্ধের খবরে নদীতীরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।