সব বাড়ি রং করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০১৬-১৭ অর্থবছরে ১২৫ কোটি টাকা ব্যয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের ৭১টি সড়ক সংস্কার করবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। উত্তরার যেসব ভবন দুই বছরের বেশি সময় ধরে রং করা হয়নি, সেগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রং করতে মেয়র নির্দেশ দিয়েছেন।
উত্তরা কমিউনিটি সেন্টারে গতকাল রোববার উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতা, ভবনমালিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন। সভায় সেক্টরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, কবরস্থান উন্নয়ন, ফুটপাত ও পানিনিষ্কাশনব্যবস্থা, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, গণশৌচাগার নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় আনিসুল হক বলেন, সিটি করপোরেশনের পক্ষে একসঙ্গে সব এলাকায় সব কাজ করা সম্ভব না। তবে রাস্তাঘাট, সড়কবাতি, পরিচ্ছন্নতার মতো মৌলিক কাজগুলো আগে করা হবে। ২০১৫-১৬ অর্থবছরে ৬৮ কোটি টাকা ব্যয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের ৫২টি সড়ক, ফুটপাত ও ড্রেন সংস্কার করা হয়েছে। এসব সড়ক যেন দখল না হয়, সেই দায়িত্ব এলাকার জনগণের। ভবনমালিকেরা সড়কে অবৈধ র্যা ম (গাড়ি ওঠা-নামার ঢালু পথ) বানাবেন না।
মেয়র বলেন, সিটি করপোরেশন আইনে বলা আছে, প্রতি দুই বছর পরপর ভবন রং করতে হবে। কিন্তু উত্তরা এলাকায় অনেক ভবন আছে যেগুলো চার, পাঁচ বা তার চেয়ে বেশি সময় ধরে রং করা হয় না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব ভবন দুই বছরের বেশি সময় ধরে রং করা হয় না, সেগুলো রং করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কর্মকর্তা জিয়াউদ্দীন আহমেদ গত অর্থবছরে উত্তরা এলাকায় সিটি করপোরেশনের করা উন্নয়নকাজ এবং আগামী বছরের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা ফেলার জন্য উত্তরার বিভিন্ন সেক্টরে সাতটি অস্থায়ী ময়লা ফেলার স্থান (এসটিএস) বানানো হয়েছে। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে সড়কবাতি বসানো হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে ১২৫ কোটি টাকা ব্যয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের প্রায় ৪০ কিলোমিটার সড়ক, ৪৯ কিলোমিটার ফুটপাত এবং ২০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে। জসীমউদ্দীন সড়কে গণশৌচাগার নির্মাণ করা হবে। ১ কোটি টাকা ব্যয়ে সড়কবাতির খুঁটি ও নতুন সড়কবাতি লাগানো হবে।
আলোচনা পর্বে বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতারা বক্তব্য দেন। ১০ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, রানাভোলা অ্যাভিনিউ সংস্কারের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তিনি রানাভোলা অ্যাভিনিউর বস্তি উচ্ছেদ করা জায়গায় গাছের চারা লাগানোর পরামর্শ দেন।
১১ নম্বরের সেক্টরের সাধারণ সম্পাদক শরিফুর রহমান বলেন, উত্তরার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর গত জুন মাসে কাগজপত্রে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। এসব সেক্টরের বাসিন্দাদের কবে থেকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
কল্যাণ সমিতির নেতারা সেক্টরগুলোর নিরাপত্তা জোরদার করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো, সেক্টরের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ, হকার উচ্ছেদ, পার্ক উন্নয়ন, যানজট কমানোসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।