ভোটার তালিকা হালনাগাদের কাজে তথ্য সংগ্রহকারীরা সব বাড়িতে যাননি। ঢাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বেশি। এ কারণে এবারও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক ভোটার তালিকার বাইরে থেকে যাবেন বলে আশঙ্কা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের মাঠকর্মীদের ধারণা, তথ্য সংগ্রহকারীরা সব বাড়িতে না যাওয়ায় যাঁরা তালিকার বাইরে থাকছেন, তাঁদের বেশির ভাগই নারী। মাঠকর্মীরা বলেছেন, তথ্য সংগ্রহকারীদের সম্মানীভাতা কম হওয়া, নাগরিকের অনাগ্রহ, বয়স প্রমাণের সনদ না থাকা, নির্বাচন কমিশনের কাজে সমন্বয়ের অভাব, দেশব্যাপী মাঠকর্মীদের সক্রিয় ও নাগরিকদের সচেতন করতে কমিশনের উদ্যোগের অভাবে এ অবস্থা হয়েছে।
বিদ্যমান ভোটার সংখ্যার অনুপাতে সারা দেশে ভোটার তথ্য সংগ্রহের হার ৪ দশমিক ৪৭ শতাংশ হলেও ঢাকায় এর হার ২ দশমিক ৯১ শতাংশ। তবে রাজধানীতে পুরুষের চেয়ে নারী ভোটারের তথ্য বেশি সংগ্রহ হয়েছে। কমিশন সচিবালয়ের ধারণা, সব মিলিয়ে এবারের হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ছাড়াতে পারে। বর্তমানে ভোটার সংখ্যা ৯ কোটি ৬০ লাখের বেশি।
রাজধানী বাদে সারা দেশে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোটার তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ শুরু হয়। ঢাকায় ৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। ১ অক্টোবর থেকে ছবি তোলার মাধ্যমে নিবন্ধনের কাজ শুরু হয়েছে। এবার দুই ভাগে নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম দফায় ভোটারযোগ্য, অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে তাঁদের এবং দ্বিতীয় ধাপে একই সময়ে যাদের বয়স ১৫-এর বেশি বা ১৮-এর নিচে হবে, তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম ধাপে সংগ্রহ করা তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় ধাপে সংগ্রহ করা তথ্য আলাদাভাবে সংরক্ষণ করা হবে।
কমিশন সচিবালয়ের প্রাথমিক হিসাবে বলা হয়েছিল, এবারের হালনাগাদে ২৪ লাখ নতুন ভোটার (মোট ভোটারের ২ দশমিক ৫ শতাংশ) এবং ১৫-এর বেশি বয়সী ৪৮ লাখ (৫ শতাংশ) নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে।
তবে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটারযোগ্য নাগরিকের প্রাথমিক হিসাব ভুল হয়েছে। আসলে তা আড়াই শতাংশ না হয়ে ৪ থেকে ৫ শতাংশের মধ্যেই থাকার কথা।
>মাঠকর্মীরা বলেছেন, তথ্য সংগ্রহকারীদের সম্মানীভাতা কম হওয়া, নাগরিকের অনাগ্রহ, বয়স প্রমাণের সনদ না থাকা, নির্বাচন কমিশনের কাজে সমন্বয়ের অভাবে এ অবস্থা হয়েছে
কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ভোটারযোগ্য ৪২ লাখ ৯৯ হাজার ৩৬০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এঁদের মধ্যে নিবন্ধিত হয়েছেন ৩২ লাখ ৭৪ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার ৭৬৩ ও নারী ১৫ লাখ ৬৩ হাজার ২৯৬ জন। অন্যদিকে ঢাকায় ১ লাখ ২৪ হাজার ৫৬২ (২.৯১ শতাংশ) জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এঁদের মধ্যে ১ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৩ হাজার ২৮ জন।
ঢাকার বেশ কটি এলাকার কয়েকজন অভিযোগ করেছেন, তথ্য সংগ্রহকারীরা তাঁদের বাড়িতে যাননি। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় অথবা কমিউনিটি সেন্টারে গিয়ে তাঁদের তথ্য দিয়ে আসতে হয়েছে। সেখানে তাঁরা তথ্য সংগ্রহকারীদের পেয়েছেন। অর্থাৎ তাঁরা নিজেরা উদ্যোগী না হলে ভোটার তালিকার বাইরে থেকে যেতেন। রমনা থানা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শান্তা রহমান বলেন, তাঁদের বাসায় একাধিক ভোটারযোগ্য নাগরিক আছেন। কিন্তু তথ্য সংগ্রহকারীরা কেউ তাঁদের বাসায় আসেননি। ফলে তাঁরা এখনো তথ্য দিতে পারেননি। কোথায় তথ্য দিতে হবে তাও জানেন না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রমনা থানার নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা বলেন, ঈদের ছুটি ও ব্যস্ততার কারণে ঢাকায় অনেকে ভোটার হতে আসেননি। নিবন্ধন কেন্দ্রে এলে তাঁদের ভোটার করা হবে।
তথ্য সংগ্রহকারীরা বাসায় যাননি—এমন অভিযোগ পাওয়া গেছে ধানমন্ডি, কলাবাগান, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, রমনা, সবুজবাগসহ অনেক এলাকা থেকে।
অবশ্য তথ্য সংগ্রহকারী ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের শিক্ষক জুরান চন্দ্র বলেন, একাধিকবার বাড়ি বাড়ি যাওয়ার পরও দারোয়ানেরা গেট খোলেন না। গেট খুললেও বাসার দরজা খোলা হয় না। মাঝেমধ্যে কুকুর তাড়া করে। এসব সীমাবদ্ধতার কারণে সবার তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তথ্য সংগ্রহকারীরা (স্কুলশিক্ষক) নতুন একজন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ২০ টাকা এবং মৃত ভোটারের নাম কাটার জন্য ১০ টাকা সম্মানী পাবেন। পরিশ্রমের তুলনায় সম্মানীর পরিমাণ কম হওয়ায় শিক্ষকেরা এ কাজে আগ্রহ দেখান না।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব প্রথম আলোকে বলেন, ‘পরিশ্রমের তুলনায় শিক্ষকদের আমরা যে টাকা দিচ্ছি তা যথেষ্ট নয়। সে জন্য অনেকে সঠিকভাবে কাজ করেননি, এটা সত্য। আবার এটাও সত্য, একাধিকবার বাড়ি বাড়ি গিয়েও অনেকের ফরম পূরণ করা সম্ভব হয়নি। আর সম্ভব হলেও তাঁরা ছবি তুলতে আসেন না। এ কারণে তথ্য সংগ্রহকারীদের পুরো শ্রমই পণ্ডশ্রমে পরিণত হচ্ছে।’
কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের কারও কারও মতে, ভোটার তালিকা হালনাগাদের কাজটি স্কুলশিক্ষকেরা করলেও এ বিষয়ে শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জোরালো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি হালনাগাদ-সংক্রান্ত সমন্বয় সভায় শিক্ষা বিভাগের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ কারণে তথ্য সংগ্রহের বিষয়ে শিক্ষকেরা আন্তরিক ছিলেন না।
কমিশনের মাঠ কর্মকর্তারা বলেন, ভোটার হওয়ায় ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য মাধ্যমিকের শিক্ষাসনদ অথবা জন্মনিবন্ধন সনদ লাগে। জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে টাকা লাগায় গ্রামের স্বল্পশিক্ষিত নারীদের অনেকেই ভোটার হননি।
কমিশন সচিবালয়ের সূত্র বলেছে, এ পর্যন্ত ৪২ লাখ জনের তথ্য সংগ্রহ করা হলেও এঁদের অন্তত ১৫ লাখ জন ছবি তুলতে আসেননি। ছবি তুলতে না আসা ব্যক্তিদের তথ্য যেসব শিক্ষক সংগ্রহ করেছেন, তাঁরা এসব তথ্য সংগ্রহের জন্য কোনো টাকা পাবেন না।