সব বিজ্ঞানীর অবসরের বয়সসীমা বাড়ানোর নির্দেশ
দেশের সব বিজ্ঞানীর অবসরের বয়সসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ আইন সংশোধন না করে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের আওতাভুক্ত গবেষণাপ্রতিষ্ঠানের পরিচালনাসংক্রান্ত আইন বা বিধি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন সংশোধন করে বয়সসীমা বাড়ানোর ফলে প্রকৃত বিজ্ঞানী ছাড়া অন্য কেউ যাতে সুযোগ-সুবিধা না পান, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ-সংক্রান্ত এ চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৩ জন সচিবের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট শুধু বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়। ওই দিন বয়সসীমা বাড়াতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এরও আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়। এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে করা হয় ৬৫ বছর।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৭ বছর করার পর থেকেই কৃষিবিজ্ঞানীসহ অন্যান্য বিজ্ঞানী তাঁদের অবসরের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের অবসরের বয়স বাড়ানো হলেও কৃষিসংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়নি। তাই কৃষিবিজ্ঞানীদেরও ওই সুবিধা দেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারের অন্য মন্ত্রণালয় বা বিভাগের আওতাভুক্ত গবেষণাপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা আইনি ও পদ্ধতিগত জটিলতার কারণে কার্যকর করা সম্ভব হয়নি।
এই অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রচলিত বিধি-পদ্ধতি অনুসরণ করে তাদের আওতাভুক্ত গবেষণাপ্রতিষ্ঠানের পরিচালনাসংক্রান্ত আইন ও বিধি সংশোধনের মাধ্যমে বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানোর কার্যক্রম গ্রহণ করতে পারে।