সব বিপণিবিতান ও ব্যাংকে সিসি ক্যামেরা লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের নিরাপত্তা উপলক্ষে রাজধানী ও রাজধানীর বাইরে বড় শহরের সব বিপণিবিতান ও বাণিজ্যিক ব্যাংকের শাখার ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা লাগাতে হবে। ব্যাংকে সিসি কামেরা লাগানো আছে কি না, তা দেখার জন্য গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি জানান, সারা দেশে মোটরসাইকেলবিরোধী অভিযান ১৫ জুলাই থেকে শুরু হবে।
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতরের সময়ের নিরাপত্তা নিয়ে পুলিশের প্রস্তুতির ব্যাপারে জানাতে গতকাল এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে আইজিপি ছাড়াও অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে আইজিপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, বাংলাদেশ ব্যাংক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ পরিষেবা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের ফলাফল সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
আইজিপি বলেন, রমজানের কেনাকাটার সময় মার্কেটগুলোর সামনে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না। এ কারণে যানজট সৃষ্টি হয়। তবে সীমিত আকারে পার্কিং করা যাবে। ছিনতাই প্রতিরোধে সব মার্কেটে পাহারা বসাতে হবে। রাজধানী রাস্তায় যাতে কম যানজট হয় সে জন্য রোজা শুরুর আগেই রাস্তা ঠিক করার জন্য দুই সিটি করপোরেশনকে বলা হয়েছে। সেহরি ও ইফতারের সময় যাতে বিদ্যুৎ থাকে সে জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, রমজানের সময় বড় অঙ্কের টাকা পরিবহনের কথা আগে থেকে পুলিশকে জানাতে হবে।
আইজিপি বলেন, পরিবহন মালিকদের বলা হয়েছে তাঁরা যেন বাসে বেশি যাত্রী না তোলেন এবং বেশি ভাড়া আদায় না করেন। অন্য রুটের গাড়ি রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। ঈদের সময় যাতে সবাই বাড়ি ফিরে যেতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
রমজান আসার আগেই রাজধানীতে যানজট বেড়ে গেছে। গতকাল নগরজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এর কারণে জানতে চাইলে আইজিপি মহানগর পুলিশ কমিশনারকে পরিস্থিতি ব্যাখ্যা করতে বলেন। এরপর কমিশনার বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সোমবার এক দিনে রাষ্ট্রপতি দুটি স্থানে যাতায়াত করেছেন। এ কারণে যানজট হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যানজটের সময় যাঁরা রাস্তায় উল্টো দিক দিয়ে যাচ্ছেন তাঁদের সংখ্যা বেশি নয়। তবে তাঁদের চিহ্নিত করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। তিনি বলেন, রমজানের সময় যাতে যানজট না হয় সে ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব।
আইজিপি বলেন, এর আগে মোটরসাইকেলবিরোধী অভিযান ৩ জুন থেকে চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে মোটরসাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অনুরোধ করেছে এটা পেছানোর জন্য। এ কারণে ১৫ জুলাই থেকে সেটা কার্যকর করা হবে। এরপর রেজিস্ট্রেশন ছাড়া আর কোনো মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না।
সংবাদ সম্মেলনের আগে রমজান ও ঈদের আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন আইজিপি। সভায় আইজিপি বলেন, ফরমালিন ও রাসায়নিক উপাদানমিশ্রিত ফল ও খাদ্যদ্রব্যবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সভায় সারা দেশে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি-সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জাল টাকা রোধ, মানব পাচার, চাঁদাবাজি এবং ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।