সব বিবেকবান মানুষকে রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনকারী সে যে-ই হোক, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে আজ নারী ও শিশুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন যাপন করছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সমাজের সব বিবেকবান মানুষকে রুখে দাঁড়াতে হবে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরের শহীদ হাদিস পার্কে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মোর্চা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তার এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি জানিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিরোধ মোর্চার আহ্বায়ক বেগম ফেরদৌসী আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, নগর বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম, প্রতিরোধ মোর্চার উপদেষ্টা লিয়াকত আলী, সচেতন নাগরিক কমিটির সভাপতি জাফর ইমাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, নাগরিক ফোরাম খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, আনোয়ারুল করিম, নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম প্রমুখ। সমাবেশ থেকে ‘ঐতিহাসিক খুলনা ঘোষণা’ নামে নয় দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—এক. কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হলে সমাজ বা লোকলজ্জার ভয়ে তা গোপন রাখা যাবে না। এই লোকলজ্জার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দুই. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ পুলিশ-সেল গঠন করতে হবে। তিন. নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় পুলিশ ও সংশ্লিষ্ট মেডিকেলকর্মীদের গাফিলতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা অবশ্যই নারী চিকিৎসক দিয়ে সম্পন্ন করতে হবে।