সব বিবেচনা করে রামপাল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পরিবেশের সবকিছু বিবেচনা করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা এর বিরোধিতায় আন্দোলন করে, সেসব দল খুব ছোট রাজনৈতিক দল।

আজ শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী স্মরণে আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭১ সালের পর ধ্বংসস্তূপ থেকে দেশকে সুজলা-সুফলা সোনার বাংলা করতে চেয়েছেন। তিনি তাঁর কাজ শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর কন্যার হাতে দেশের পতাকা তুলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ এখন পাকিস্তান থেকে ভালো অবস্থানে আছে।’

মন্ত্রী বলেন, ‘একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, তারাই এখন বলছে বাংলাদেশ তাদের কাছে বিস্ময়। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গি হামলা ঘটানো হয়েছে।’

বঙ্গবন্ধুকে পরশপাথর হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি বুঝেছিলেন পাকিস্তান বাঙালিদের জন্য নয়। তিনি স্লোগান তুলেছিলেন, “জাগো বাঙালি জাগো”। বঙ্গবন্ধু ৭১-এ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করে দেশ স্বাধীন করায় নেতৃত্ব দিয়েছিলেন। একাত্তরে তাঁর অসহযোগ আন্দোলন যা করতে পেরেছে, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সেই গণজোয়ার তুলতে পারেনি।’

আলোচনা সভায় সঞ্চালনা করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাহসিনা ইয়াসমিন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সাবেক সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের সদস্য শফি সামী, সমিতির সাধারণ সম্পাদক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বেনজির আহমেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ডব্লিউ এম আবদুল হক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টি চেয়ারপারসন কাইউম রেজা চৌধুরী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান মো. সবুর খান প্রমুখ।