সব বিবেচনা করে রামপাল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পরিবেশের সবকিছু বিবেচনা করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা এর বিরোধিতা করে আন্দোলন করে, সেসব রাজনৈতিক দল খুব ছোট রাজনৈতিক দল। গতকাল শনিবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী স্মরণে আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, তারাই এখন বলছে বাংলাদেশ তাদের কাছে বিস্ময়। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গি হামলা ঘটানো হয়েছে।’
বঙ্গবন্ধুকে পরশপাথর হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি বুঝেছিলেন পাকিস্তান বাঙালিদের জন্য নয়। তিনি স্লোগান তুলেছিলেন, “জাগো বাঙালি জাগো।” বঙ্গবন্ধু ৭১-এ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করে দেশ স্বাধীন করায় নেতৃত্ব দিয়েছিলেন।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাহসিনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবীর হোসেন, সভার আহ্বায়ক এনামুল হক শামীম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের সদস্য শফি সামী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বেনজির আহমেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ ডব্লিউ এম আব্দুল হক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাইউম রেজা চৌধুরী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. সবুর খান প্রমুখ।