সব বিভাগে এবারও মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারও সব বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে। কয়েক বছর ধরে পাসের হার ও জিপিএ-৫-এর দিক থেকে ছেলেরা পিছিয়ে আছে।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৮২। আর ছেলেরা পাস করেছে ৭৪ দশমিক ৭৩ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৫৫ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩ জন। ছেলেদের চেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে ২২২ জন মেয়ে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১। এ বিভাগে ২৩ হাজার ৪৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে ১০ হাজার ৬৫৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। পাসের হার ৯২ দশমিক ৭৭। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৯ জন। অন্যদিকে এই বিভাগে ১২ হাজার ৮৩৫ জন ছেলে অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৪৯২ জন। পাসের হার ৮৯ দশমিক ৫৪। জিপিএ-৫ পেয়েছে ৯৯৮ জন। পাসের হারে মেয়েদের থেকে ছেলেরা পিছিয়ে আছে ৩ দশমিক ২৩ এবং জিপিএ-৫ কম পেয়েছে ১২১ জন।

মানবিক বিভাগে পাসের হার ৬৯ দশমিক শূন্য ১। এর মধ্যে মেয়েদের হার ৭২ দশমিক ২৫ এবং ছেলেদের ৬৪ দশমিক ২৪। এই বিভাগ থেকে ৩৯ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ৫৭৭ জন। ২৩ হাজার ৭৮৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে পাস করেছে ১৭ হাজার ১৮৮ জন। পাসের হার ৭২ দশমিক ২৫। অন্যদিকে ১৬ হাজার ১৭১ জন ছেলে অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৩৮৯ জন। পাসের হার ৬৪ দশমিক ২৪। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন এবং মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। মানবিকে পাসের হারে ছেলেরা পিছিয়ে আছে ৮ দশমিক শূন্য ১।

 ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০ হাজার ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৪০৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৩। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৩ দশমিক ৩৩ এবং ছেলেরা ৭৩ দশমিক ৬০। ১১ হাজার ৮৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৮৯৩ জন। অন্যদিকে ১৮ হাজার ৩৫৫ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৫১০ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১৮ জন এবং মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। পাসের হারে ছেলেরা এই বিভাগে পিছিয়ে আছে ১৫ দশমিক শূন্য ৯।

জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, গণিতে ফল কিছুটা বিপর্যয় হলেও ধারাবাহিকভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে। ছেলেদের তুলনায় মেয়েদের একাগ্রতা বেশি। পড়াশোনায় তারা আন্তরিক। এর সঙ্গে মেয়েদের অভিভাবকেরা দিন দিন সচেতন হচ্ছেন। তাই মেয়েরা এগিয়ে যাচ্ছে।