মর্যাদা রক্ষা ও সিলেকশন গ্রেড বহালের দাবি এ মাসের মধ্যে পূরণ না হলে ২ জানুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই কঠোর কর্মসূচি বলতে তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গতকাল রোববার সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল এই হুমকি দেন। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল একই দাবিতে সংবাদ সম্মেলন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গতকাল কর্মবিরতিও পালন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৬ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সপ্তম জাতীয় বেতনকাঠামোর মতোই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে। এ ছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে জ্যেষ্ঠ সচিবদের যে জায়গায় রাখা হয়েছে, সেই জায়গায় গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে শতকরা হারে উন্নীত করা হবে। কিন্তু প্রকাশিত বেতনকাঠামোয় এর প্রতিফলন ঘটেনি। বরং অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত হলে গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা আগের চেয়ে অর্ধেক কিংবা আরও কমে আসতে পারে।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট আশ্বাস পেয়েছিলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা প্রতারিত হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন কঠোর আন্দোলন ছাড়া উপায় নেই।’ কঠোর আন্দোলন বলতে কী বোঝাতে চাইছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিটলি শাটডাউন’ হয়ে যেতে পারে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মাকসুদ কামাল বলেন, শিক্ষকদের বিষয়ে ক্রমাগত আক্রমণাত্মক বক্তব্যের কারণে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। তাঁরাও মনে করেন, অর্থমন্ত্রী নিজে থেকে সরে গেলেই মঙ্গলজনক। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সরকারের স্থিতিশীলতার জন্য অর্থমন্ত্রীকে সরিয়ে দেবেন।
সমাধানের আশা শিক্ষামন্ত্রীর: অর্থমন্ত্রী বলেছেন, বেতনকাঠামো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ শিক্ষকদের বেতন-সংক্রান্ত সমস্যা সমাধানে শিগগির আবারও বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হবে। তিনি আশা করেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
এ কথা বলার আগে শিক্ষামন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের সঙ্গে শিক্ষকদের বেতন সমস্যা নিয়ে টেলিফোনে কথা বলেন। বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের কথা বলে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষকদের সমস্যা সমাধানে কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্ত মন্ত্রিসভা কমিটিতে নেওয়া হয়নি।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির কর্মবিরতি: প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে বেতন স্কেল ও চাকরির বৈষম্য নিরসনের দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং ২৬টি ক্যাডারের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি শুরু করেছেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এই কর্মসূচির বাইরে থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কর্মবিরতির সময় নিজ নিজ সংস্থার মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
কালোব্যাজ ধারণ: সরকারঘোষিত বেতনকাঠামোতে পদ অবনমনের প্রতিবাদে গতকাল কালোব্যাজ ধারণ করেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।