সব বিষয়ে নৈপুণ্য দেখাল কুমিল্লার শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত আই-জেন প্রতিযোগিতায় সব বিভাগে নৈপুণ্য দেখাল কুমিল্লার খুদে শিক্ষার্থীরা। শহরের বজ্রপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৭ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। এতে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতি, দলগত মেধা যাচাই, গেম জোন উপস্থাপনাসহ সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় কুমিল্লার এথনিকা এন ইংলিশ মিডিয়াম স্কুল। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয় পাঁচজন। তারা হলো সাম্মাম মজুমদার, সুলগ্না স্নেহা, ইয়াসিনুল হক সানি, সাদমান আলম ভূঁইয়া ও জান্নাতুল ফাহিমা সিলভী। এরা আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
এথনিকা এন ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মাকসুদুল আজম ও সহকারী শিক্ষক সায়কা সুলতানা বলেন, এ অর্জন আমাদের শিক্ষার্থীদের দারুণভাবে উজ্জীবিত করেছে। ইন্টারনেট প্রতিযোগিতায় ভবিষ্যতে এ শিক্ষার্থীরা যেন আরও ভালো করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদানের কারণে শিক্ষার্থীরা উপস্থাপনাসহ সব বিভাগে নৈপুণ্য দেখিয়েছে।
দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশনের জুনিয়র নির্বাহী বিবর্ধন রায় ইমন। বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী এবং ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া। বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, ঢাকা বন্ধুসভার সজীব মিয়া, কুমিল্লা বন্ধুসভার সভাপতি সৈয়দ সাইদুল হক ও আই-জেন প্রতিযোগিতার সমন্বয়ক জাহিদ হাসান।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট¡সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সারা দেশে এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।
প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। কুমিল্লা বড় জেলা হওয়ায় এখান থেকে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।