অতিরিক্ত ক্লাসের টাকা পুনর্নির্ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী কয়েকটি বিষয় এমনকি সব বিষয় পড়লেও তার কাছ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকার বেশি নেওয়া যাবে না।তবে প্রতি বিষয় পড়ানোর ক্ষেত্রে আগের নীতিমালা অনুযায়ী মহানগর এলাকার শিক্ষার্থীপ্রতি ৩০০ টাকা, জেলা শহরে ২০০ ও উপজেলা বা স্থানীয় পর্যায়ে ১৫০ টাকা নেওয়া যাবে। অর্থাৎ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি প্যাকেজের আওতায় সব বিষয়ও পড়ানো হয়, তবু একজন শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার ২০০ টাকার বেশি নেওয়া যাবে না। তবে চারটি পর্যন্ত বিষয় পড়ানো হলে একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বিষয়ের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে, সেই হিসাবে টাকা নেওয়া যাবে। গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। গত ২০ জুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ জারি করা হয়।