
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে থাকা নয়টি বেইলি সেতুর সব কটিই জরাজীর্ণ। সুনামগঞ্জ থেকে ঢাকা কম সময়ে যাওয়ার এই সড়কের এসব সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা এলাকা থেকে জগন্নাথপুর পৌর শহর পর্যন্ত সড়কের দূরত্ব ২১ কিলোমিটার। এই ২১ কিলোমিটারে সাতটি পাকা এবং নয়টি বেইলি সেতু রয়েছে। বেইলি সেতুর সব কটিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সাতটি আবার বেশি ঝুঁকিপূর্ণ।
জগন্নাথপুর পৌর শহরের কয়েকজন বাসিন্দা জানান, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াতের প্রধান সড়ক সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়ক। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে ফেরি চালু হওয়ায় এই সড়ক দিয়ে যান চলাচল বেড়েছে। এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে এই সড়ক দিয়ে ঢাকা যেতে সময় প্রায় এক ঘণ্টা কম লাগে। এ কারণে অনেকেই এই সড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করেন।
সরেজমিনে দেখা গেছে, পাগলা এলাকা থেকে জগন্নাথপুর যেতে আক্তাপাড়া, দরগাপাশা, বমবমি বাজার, ভাতগাঁও, কুন্দানালা, গয়াসপুর, কলকলি, খাসিলা, মজিদপুর এলাকায় নয়টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এসব সেতুর পাশে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ সাইনবোর্ড দিয়ে রেখেছে সওজ কর্তৃপক্ষ।
কুন্দানালা গ্রামের পাশের বেইলি সেতুটি একদিকে হেলে আছে। সেতুর মাঝখানে কয়েকটি স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় সেগুলো জোড়াতালি দেওয়া হয়েছে। যানবাহনের ভারে এসব পাটাতন যাতে ভেঙে না পড়ে, সে জন্য নিচে বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে।
একই অবস্থা গয়াসপুর গ্রামের পাশের বেইলি সেতুর। এই সেতুরও কয়েকটি স্থানে স্টিলের পাটাতন উচুঁ-নিচু হয়ে যাওয়ায় সেগুলোর ওপর আবার স্টিলের পাটাতন দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। এই সেতুর এক পাশের সংযোগ সড়কের মাটি সরে গেছে। সেতুতে ওঠার স্থানটি সরু হয়ে গেছে। এতে ওই সেতুতে ওঠার সময়ও যানবাহনের চালক ও যাত্রীদের সমস্যা হচ্ছে। মজিদপুর এলাকার সেতুর মাঝখানে দুই জায়গায় জোড়াতালি দেওয়া আছে।
কুন্দানালা গ্রামের বাসিন্দা আবু বক্কর বলেন, ‘এখন এই পুলের (সেতু) যে অবস্থা, যেকোনো সময় গাড়ি নিয়া ভাইঙা পড়তে পারে। মাঝখানে স্টিলের কিছু অংশ দেবে যাওয়ায় নিচে বাঁশ দিয়ে আটকাইয়া রাখছে।’ এই সড়কের বাসচালক সাব্বির আহমদ বলেন,‘ব্রিজের ওপর গাড়ি উঠলে মনে অয় ভূমিকম্প শুরু অইছে। আমরা তো ভয়ে থাকি কোন সময় গাড়ি নিয়া ব্রিজ ভাঙে।’
জগন্নাথপুর পৌর শহরের ইকরছই গ্রামের বাসিন্দা আলী আহমদ বলেন,‘সেতুগুলো ঝুঁকিপূর্ণ থাকায় সুনামগঞ্জে যেতে বেশি সময় লাগে। কোনো কোনো বেইলি সেতু খুবই ঝুঁকিপূর্ণ। এসব সেতুর স্থলে নতুন সেতু না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের কাজ জানুয়ারি মাসেই শুরু হবে। এতে সুনামগঞ্জ-ঢাকা যোগাযোগের ক্ষেত্রে এই সড়কের গুরুত্ব বাড়বে। কিন্তু ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে পাকা সেতু নির্মাণ না করলে যানবাহন চলাচলে সমস্যা হবে।
এ ব্যাপারে সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আছে। এর মধ্যে আমরা সাতটিকে বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ওই সব স্থানে পাকা সেতু নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন।’