সব ভাবনা পানি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশকে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের রাস্তাঘাটের বেশ উন্নয়ন হয়েছে। ময়লা-আবর্জনাও কম। সদ্য বিদায়ী মেয়র মনজুর আলম এই ওয়ার্ডের বাসিন্দা। তাই এটি ‘মেয়রের ওয়ার্ড’ নামেও পরিচিত। তবে মেয়রের ওয়ার্ড হলেও এখানেও সমস্যা রয়েছে। সুপেয় পানির অপ্রতুলতা ও জলাবদ্ধতা আছে। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন পানির সমস্যাটি সমাধান করার।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মনজুর আলম ১৯৯৫ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এই ওয়ার্ডে ব্যাপকভাবে উন্নয়ন করতে শুরু করেন। টানা তিনবার কাউন্সিলর ও মেয়র নির্বাচিত হওয়ার পরও অব্যাহত থাকে সেই উন্নয়নের ধারা। কিন্তু পানির সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।
সিটি করপোরেশনের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, চার অর্থবছরে এই ওয়ার্ডে ২১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৩২টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর অর্ধেকই ব্যয় হয়েছে রাস্তাঘাটের উন্নয়নে। তাই রাস্তাঘাট নিয়ে তেমন কোনো অভিযোগও নেই বাসিন্দাদের।
সমস্যা একটাই। ওয়ার্ডের বেশির ভাগ এলাকায় ওয়াসার লাইন নেই। পানি ওঠে না অগভীর নলকূপেও। তাই গভীর নলকূপই সবার ভরসা। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা নিজেদের খরচে গভীর নলকূপ বসিয়েছেন। আর যাঁদের সামর্থ্য নেই, তাঁদের জন্য কয়েকটি গভীর নলকূপ খনন করেছে সিটি করপোরেশন। তাঁদের সংখ্যাটাও বেশি।
সিটি করপোরেশনের প্রতিবেদন অনুযায়ী, চার অর্থবছরে এই ওয়ার্ডে ৩৪ লাখ টাকা ব্যয়ে নয়টি গভীর নলকূপ খনন করা হয়েছে। অবশ্য ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদের দাবি, এই সংখ্যাটি ২৩। এর মধ্যে সিটি করপোরেশনের টাকায় নয়টি, আর বাকিগুলো তিনি নিজের টাকায় করে দিয়েছেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোর গভীর নলকূপের পানি লবণাক্ত। তা ছাড়া অধিবাসীর তুলনায় নলকূপের সংখ্যাও কম। তাই তাঁদের প্রধান দাবি সুপেয় পানির নিশ্চয়তা। ঈশান মহাজন লেনের অধিবাসী যীশু চৌধুরী বললেন, ‘নির্বাচনে জয়ী হলে এলাকায় ওয়াসা থেকে লাইন এনে পানির ব্যবস্থা করে দেবেন বলে কাউন্সিলর প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরাও পানি সমস্যার সমাধান চাই।’
প্রায় এক লাখ মানুষের বসবাস এই ওয়ার্ডে। ভোটার ৩৫ হাজার ৬০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯১৪ ও পুরুষ ১৮ হাজার ৬৯৩ জন।
নগরের অন্য এলাকার মতো এখানেও জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। অল্প বৃষ্টিতেই ওয়ার্ডের অনেক এলাকা তলিয়ে যায়। গত সোমবারের বৃষ্টির পানি গতকাল শুক্রবারও উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নামেনি। সঙ্গে ময়লা। বিদ্যালয়ের মাঠসংলগ্ন কাট্টলী খালটি প্রায় দখল হয়ে গেছে। নিয়মিত পরিষ্কার করা হয় না এটি। বৃষ্টি হলেই খালের ময়লা বিদ্যালয়ের মাঠে জমে যায়। একই অবস্থা দেখা গেছে উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাজীব দাশ বললেন, ‘সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের প্রবেশমুখে হাঁটুপানি জমে যায়।’
গতকাল সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডের মূল রাস্তাগুলো ঠিক থাকলেও আগ্রাপাড়া, ঈশান মহাজন, বাংলাবাজার জেলেপাড়া, বছিরাপাড়াসহ অনেক এলাকার গলির ভেতরের রাস্তা এবড়োখেবড়ো। বাংলাবাজার জেলেপাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো নর্দমা নেই। রাস্তাটিও ভাঙা। জেলেপাড়ার বাসিন্দা সুমন বললেন, ‘ওয়ার্ডের অনেক রাস্তার উন্নয়ন হয়েছে। কেবল আমরাই অবহেলিত রয়ে গেছি।’ এখানে ২০টি পরিবারের বসবাস।
সুফিয়া বেগম নামের আরেক বাসিন্দা জানালেন, রাস্তার ওপর ডাস্টবিন। তাই অনেক সময় রাস্তাজুড়ে আবর্জনা পড়ে থাকে। মশার উৎপাত তো আছেই। তবে নালাগুলো নিয়মিত পরিষ্কার করায় সন্তুষ্ট তিনি। তাঁর দাবি আরও নালার।
বিভিন্ন ধরনের কারখানার পাশাপাশি জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম এই ওয়ার্ডে। রয়েছে কয়েকটি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়, কলেজ, হাসপাতাল। শিল্প এলাকা হওয়ায় এখানে শ্রমিকের সংখ্যাও বেশি।