সব ভাস্কর্য রক্ষায় নির্দেশনা চেয়ে রিট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশে বিদ্যমান সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী রিট আবেদনকারী। আর রিটের পক্ষে আছেন আইনজীবী নাহিদ সুলতানা ও এ বি এম শাহজাহান আকন্দ।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী উত্তম লাহিড়ী।
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে নৈরাজ্য/বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম/পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। স্বাধীনতার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ধর্মীয় চেতনার সঙ্গে সম্পর্কিত নয়, সে–বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে দুই বিবাদীকে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী নাহিদ সুলতানা প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশে বিদ্যমান যত ভাস্কর্য আছে, তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেন ভাস্কর্যগুলো রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়, সে জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।