সব ভোটারের কাছে যেতে চান দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে হাত রেখে শুভেচ্ছা ও সালাম বিনিময়, দোয়া চাওয়া—এটিই নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচারণার কৌশল। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দুই প্রার্থীই ভরসা রেখেছেন প্রতীকের ওপর।
গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আক্তার হোসেন ওরফে ফয়সল। প্রায় একই সময়ে চৌমুহনী বাজারে প্রচারণা চালান বিএনপির প্রার্থী মো. জহির উদ্দিন ওরফে হারুন। দুজনের পাশাপাশি মেয়র পদে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেনও। তাঁর প্রচারণায় ওই দুজনের তুলনায় তিনি অনেকটাই পিছিয়ে আছেন।
আক্তার হোসেন চৌমুহনী পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে পৌরসভার উপনির্বাচনে তিনি মেয়র হন।
জহির উদ্দিন পৌর বিএনপির সভাপতি। তিনিও উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচিত হন আক্তার হোসেন।
আক্তার হোসেন গতকাল দিনভর গণসংযোগ করেন পৌরসভার গনিপুর, আলীপুর ও কলেজ রোড এলাকায়। একাধিক উঠান বৈঠকের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। সন্ধ্যার পর চৌমুহনী চৌরাস্তা এলাকায় প্রচারণা চালান। প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করে দোয়া চান।
প্রচারণার বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ভোটারদের কাছে সশরীরে যাওয়া ছাড়া বিকল্প কিছু নেই। তাই কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন তিনি।
এক প্রশ্নের জবাবে বলেন, তাঁর সময়ে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, নালা নির্মাণসহ অনেক উন্নয়নকাজ হয়েছে। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি চৌমুহনীকে আধুনিক যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
বিএনপির প্রার্থী জহির উদ্দিন গতকাল দিনভর গণসংযোগ করেন পৌরসভার হাজীপুর, করিমপুর ও চৌমুহনী বাজারের করিমপুর সড়কে। বেশ কয়েকটি উঠান বৈঠক ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে ধানের শীষের ভোট চেয়েছেন তিনি।
গতকাল সন্ধ্যায় চৌমুহনী শহরের পাবলিক হল গেট থেকে ডেল্টা গেট পর্যন্ত গণসংযোগকালে বিএনপির এই প্রার্থী দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি প্রথম আলোকে বলেন, ভোটারদের কাছে তাঁর প্রত্যাশা, তাঁরা যেন সবাই ভোটকেন্দ্রে যান। তাঁর দাবি, ভোটাররা কেন্দ্রে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে বলতে গিয়ে এই প্রার্থী বলেন, চৌমুহনী পৌরসভার অনেক সমস্যা। পরিষ্কার, পরিচ্ছন্নতার অভাব। রাস্তাঘাট ও ড্রেনেজ-ব্যবস্থা ভালো নয়। নির্বাচিত হলে তিনি চৌমুহনীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরে কাজ করবেন।