সব ভোগান্তির মূলে রাস্তা

- দখল-দূষণে এলাকার একমাত্র খালের অস্তিত্ব হুমকিতে।
- এলাকার যত্রতত্র পড়ে থাকে আবর্জনা।
প্রধান চারটি সড়কই ভাঙাচোরা। পানি নিষ্কাশনব্যবস্থা খারাপ। দখল-দূষণে একমাত্র খালের অস্তিত্ব হুমকিতে। কমিউনিটি সেন্টার, পার্ক ও খেলার জায়গা নেই। কাঁচাবাজারের নির্দিষ্ট জায়গা নেই। যত্রতত্র পড়ে থাকে আবর্জনা। মশার উপদ্রব থেকেও রক্ষা নেই।
এই চিত্র গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের। গাজীপুরের ১২টি মৌজা নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। উল্লেখযোগ্য এলাকা হচ্ছে মাধবপুর, দক্ষিণ পানিশাইল, উত্তর পানিশাইল, দাসপাড়া ও কোনাপাড়া। ভোটার ১৯ হাজার।
জিরানী বাজার থেকে কাশিমপুর, রেডিয়াল থেকে সফিপুর, এফডিসি রোড থেকে আন্ধারমানিক পশ্চিমপাড়া ও পানিশাইল থেকে নস্করচালা। এই চারটি প্রধান সড়কসহ এলাকার ছোটখাটো রাস্তাগুলোও বেহাল। সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে। এলাকাবাসী বলছেন, রাস্তাগুলো ঠিক হলে ওয়ার্ডের অর্ধেক সমস্যা মিটে যাবে।
গত শনিবার সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়। জিরানী বাজার থেকে কাশিমপুরে যাওয়ার পথে প্রায় এক কিলোমিটারের মধ্যেই পড়ে মোল্লা মার্কেট এলাকা। সেখানে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বড় বাজার। ওই বাজার এবং স্থানীয় বিভিন্ন কারখানার পাশ দিয়ে একটি খাল চক্রবর্তী এলাকার দিকে চলে গেছে। ওই খালের দক্ষিণ পাশে মার্কেট ও বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছেন ব্যবসায়ী আবদুল হাকিম। আর রাস্তার উত্তর পাশে দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন আসাদ মোল্লা। হাকিমের দাবি, তিনি খাল দখল করেননি। খালের ওপর দোকান নির্মাণ করেছেন। পানি নিচ দিয়ে যাচ্ছে। আসাদের ভাষ্য, তাঁর দোকানে গরিব মানুষ করে খাচ্ছে।
জিরানী বাজারের মণ্ডল কার সলিউশনের মালিক রাসেল মণ্ডল বলেন, তাঁদের ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট ও একমাত্র খালটি দখল হয়ে যাওয়া। এটি ‘পলাশ সফিউল্লার’ খাল নামে পরিচিত ছিল। প্রভাবশালীরা দখল করায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এলাকাটি একসময় ইউনিয়ন পরিষদের আওতায় ছিল। এরপর সিটি করপোরেশনের মধ্যে এসেছে। কিন্তু এলাকায় বলার মতো কোনো উন্নয়ন হয়নি। ইউনিয়ন পরিষদ থাকতে সর্বশেষ রাস্তাগুলোর সংস্কার হয়েছিল। এখন সেগুলোও নষ্ট হয়ে গেছে। এলাকায় খেলার মাঠ, নির্দিষ্ট কাঁচাবাজার নেই। পানি নিষ্কাশনের নালা নেই। ময়লা-আবর্জনা ফেলারও নির্দিষ্ট জায়গা নেই। মাধবপুরের বাসিন্দা হানিফ ব্যাপারী জানান, গত ৫ বছরে এলাকার রাস্তাগুলো মেরামত হয়নি।
জিরানী এলাকার ব্যবসায়ী লুৎফর হোসেন বলেন, ‘আমরা আগে শুনেছি, সিটি করপোরেশন হলে সুযোগ-সুবিধা অনেক বাড়বে। এখন দেখছি, তার উল্টো হয়েছে।’ শিবরামপুর এলাকার নূরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনে থেকেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা মিলছে না। একটি রাস্তাও ভালো নেই। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। নতুন গভীর নলকূপ নাগরিকদেরই স্থাপন করতে হচ্ছে।
দেখা গেছে, ওয়ার্ডের মধ্য দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক গেছে। এর মধ্যে জিরানী বাজার থেকে কাশিমপুর, আন্ধারমানিক থেকে মাধবপুর, শিবরামপুর থেকে মাধবপুরসহ পানিশাইল ও দক্ষিণ বাড়ইবাড়ী এলাকার সব সড়কেই খানাখন্দ। সড়কে ইট পর্যন্ত নেই। ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ। দেখে বোঝা যায়, অনেক দিন ধরেই সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। দুর্গন্ধে নাক চেপে থাকতে হয়। পুরো ওয়ার্ডের কোথাও কোনো চিকিৎসাকেন্দ্র পাওয়া যায়নি। তবে কিছুদিন ধরে ওয়ার্ডের একটি সড়কে ইট বিছানো হচ্ছে। আরেকটি সড়কের পাশে নালা নির্মাণ করা হচ্ছে।
ভবানীপুর, জিরানী, পানিশাইলসহ কয়েকটি এলাকায় অনেক শিল্প-কারখানা আছে। এসব কারখানায় বহু শ্রমিক থাকেন। এ কারণে ওয়ার্ডের জনসংখ্যাও ভোটারদের চেয়ে অনেক বেশি। সড়কে হেঁটে কর্মস্থলে যেতে দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমিকেরা।

খাল উদ্ধার ও মেরামত হবে
এই ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম আহম্মেদ আব্বাস। ২০১৩ সালের ৬ জুন তিনি কাউন্সিলর নির্বাচিত হন। তিনি প্রথম আলোকে বলেন, গত চার বছরে তাঁর ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা। এই টাকায় কয়েকটি রাস্তায় কার্পেটিং ও কিছু কাঁচা রাস্তায় ইট বিছানো হয়েছে। তবে বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, তিনি বিএনপির হওয়ায় তাঁর বিরুদ্ধে বেশ কিছু রাজনৈতিক মামলা হয়েছে। তাঁকে আত্মগোপনেও থাকতে হয়েছে। তবে এখন খোঁজখবর রাখছেন।
কাউন্সিলর বলেন, গেল বর্ষায় রাস্তা খুব খারাপ হয়ে গেছে। সেগুলো মেরামত করাই তাঁর বড় কাজ। আগামী নির্বাচনের আগেই এসব রাস্তা মেরামত করা হবে। এ ছাড়া জলাবদ্ধতা দূর করতে এলাকার খালটি পুনরুদ্ধার করা হবে। এটিকে আরও প্রশস্ত করা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে জায়গা বরাদ্দ নিয়ে কেন্দ্রীয়ভাবে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন। সেটি হলে এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ হবে।