সব ভোটকেন্দ্রই 'ঝুঁকিপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজারে গত মঙ্গলবার রাতে ১০টি দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বাজারের পাশে দুটি বসতঘরেও হামলা চালানো হয়। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী। এর আগে শর্শদি ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার মাইক ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটে।
এই দুটি উদাহরণ সামনে এনে অনেক ভোটার বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন তাঁরা।
৪ জুন ফেনী সদর উপজেলার আটটি ইউপিতে নির্বাচন হবে। এসব ইউপির ৭৫টি ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাতে ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকায় দোকান ও বসতঘরে হামলার সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহাদাত হোসেন ওই হামলার জন্য বর্তমান চেয়ারম্যান ও ‘বিদ্রোহী’ প্রার্থী আওয়ামী লীগের নেতা এম আজাহারুল হক আরজুর সমর্থকদের দায়ী করেন। তবে আজাহারুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সাজানো নাটক। তাঁর অভিযোগ, গত দুই দিনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর আটটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।
কালিদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী এম এ খালেক বলেন, তাঁর নির্বাচনী প্রচারণায় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন ‘বিদ্রোহী’ প্রার্থী বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে।
তবে ফাজিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মজিবুল হক ও ধর্মপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
উপজেলার আটটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৪ জন, সদস্য পদে ২৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, আটটি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। তা ছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দল কাজ করবে। এ ছাড়া র্যাব ও বিজিবি মোতায়েন করা হবে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।