সবার ভোটের অধিকার নিশ্চিত করে দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন সাবেক উপদেষ্টা ও রাষ্ট্রদূতসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। গতকাল শনিবার রাজধানীতে ‘ঢাকা ফোরাম’ নামে একটি নাগরিক সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এ অভিমত দেন।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশ অ্যাট এ ক্রসরোড’ (ক্রান্তিকালে বাংলাদেশ) শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আলোচকেরা বলেন, ভোটাররা রায় দেওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করেন। কিন্তু এবার বেশির ভাগ ভোটারই তাঁদের সেই অধিকার হারিয়েছেন। সংবিধান রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সংবিধান মানুষের জন্য, নাকি সংবিধানের জন্য মানুষ।
বৈঠক সঞ্চালনা করেন ঢাকা ফোরামের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এম সিরাজুল ইসলাম।
মূল প্রবন্ধে সিরাজুল ইসলাম বলেন, গণতন্ত্রের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠান করা। যত দ্রুত এটি করা যাবে, বাংলাদেশের জন্য ততই মঙ্গল। তিনি বলেন, ‘আমরা ইরাক না, আফগানিস্তান না, পাকিস্তান না—এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধান না হলে বাংলাদেশও এসব দেশের পর্যায়ে পৌঁছে যাবে বলে আমার আশঙ্কা।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, ‘বলা হয়েছে, সংবিধান রক্ষার নির্বাচন। সেটি করতে গিয়ে আসলে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে। ...এই ভোটারবিহীন নির্বাচন করার জন্যই সংবিধানের ১৫তম সংশোধনী আনা হয়েছে।’
সাবেক উপদেষ্টা মাহবুব জামিল বলেন, সংবিধানের জন্য মানুষ, নাকি মানুষের জন্য সংবিধান—সেটিই এখন ঠিক নেই। ঠিক থাকলে সংবিধানের অজুহাত দিয়ে জনগণকে ছাড়াই দেশে নির্বাচন হতে পারত না।
আরেক সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দেশে বিরাজমান চার ধরনের সংকটের উল্লেখ করেন। তিনি বলেন, প্রথমত, নির্বাচন ঠিকভাবে হয়নি। দ্বিতীয়ত, আইনের শাসনভিত্তিক সমাজ ক্রমেই ক্ষয় হয়ে যাচ্ছে। তৃতীয়ত, সমাজে নৈতিক ধস নেমেছে। চতুর্থত, এখন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে ‘রাজনৈতিকভাবে সন্দেহজনক’।
হোসেন জিল্লুর রহমান আরও বলেন, ‘আগে বলা হয়েছিল, নির্বাচনের পর সংলাপ হবে। এখন বলা হচ্ছে, এ সরকার পাঁচ বছরই থাকবে। রাজনৈতিক এই বার্তাই এক ধরনের সংকট তৈরি করছে।’
একতরফা নির্বাচন করার চেষ্টা আগেও হয়েছে—এ মন্তব্য করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, এখনকার সংকট কাটিয়ে উঠতে সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।
সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, ভোটারদের ভোট দেওয়ার ক্ষমতা খর্ব করা হয়নি। রাজনীতিতে যদি কোনো ধরনের সংস্কার আনতে হয়, তাহলে যেন সবাই তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি তোলেন।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু সমস্যা আছে, যেগুলো দীর্ঘ মেয়াদে সমাধান করতে গেলে সব শেষ হয়ে যায়। রাজনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও তা-ই। বৈঠকে আরও বক্তব্য দেন সাবেক বাণিজ্যসচিব সোহেল চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।