সব মন্ত্রণালয়ে নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইনে প্রবেশ পাস দেওয়া এবং সব মন্ত্রণালয়ে নিরাপত্তা কমিটি গঠন করা। এ ছাড়া প্রবেশ পাসের ওপর দর্শনার্থীর মুঠোফোন নম্বর বাধ্যতামূলকভাবে লিখতে হবে। আগামী মাস (জুলাই) থেকে নতুন এসব সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যুগ্ম সচিব (নিরাপত্তা) শফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা শেষে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে দ্রুততার সঙ্গে অনলাইনে প্রবেশ পাস দেওয়া এবং প্রতিটি মন্ত্রণালয়ে একজন উপসচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ভিত্তিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদারক করতে তিন সদস্যের কমিটি গঠন করা।প্রসঙ্গত, ১৯৭৬ সালের সচিবালয় নির্দেশিকায় প্রতিটি মন্ত্রণালয়ে এমন নিরাপত্তা কমিটি গঠনের বিধান রয়েছে। তবে এ পর্যন্ত তা করা হয়নি। ওই নির্দেশিকায় রয়েছে, কমিটি প্রতি মাসে মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী সচিব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন। সূত্র জানায়, বৈঠকে সচিবালয়ের ভেতর একটি অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে। গণপূর্ত বিভাগ এই ইউনিট নির্মাণ করবে। অন্যান্য কারিগরি সহায়তা দেবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অগ্নিনির্বাপণ গাড়ির যাতায়াত সহজতর করতে সচিবালয়ের ভেতর গাড়ি রাখার জায়গাও সুবিন্যস্ত করা হচ্ছে। এ ছাড়া অভ্যর্থনা কেন্দ্রে নারী আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সদস্য প্রবেশ পাস পরীক্ষা-নিরীক্ষা করবেন।সচিবালয়ের নিরাপত্তায় ইতিমধ্যে আরও কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে সাধারণ দর্শনার্থীদের গাড়িসহ প্রবেশ বন্ধ করা হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য চার ধরনের স্টিকার সরবরাহ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ী পাস দিচ্ছে। বিশিষ্ট নাগরিকদের জন্যও অস্থায়ী পাস দেওয়া হচ্ছে। এ পর্যন্ত চার হাজার ৮০০ অস্থায়ী পাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।