সংসদে প্রশ্নোত্তর
সব মন্ত্রী হয়তো স্যুটে বুটে স্মার্ট নয়, কিন্তু কাজে স্মার্ট: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার সব মন্ত্রী হয়তো স্যুট, বুটে স্মার্ট নয়, কিন্তু কাজে স্মার্ট। আর কাজে স্মার্ট হলেই তা গ্রহণীয়।’ তিনি বলেন, মন্ত্রীরা কাজে পারদর্শী না হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৩ ভাগ বাস্তবায়ন হয় কীভাবে? রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দিয়েছেন তাতে সব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিবরণ আছে। এ ভাষণ দেখলেই বোঝা যায়, মন্ত্রীরা কেমন কাজ করেছেন।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জনগণের অর্থ দেশের বাইরে পাচার করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেওয়া হবে না। তিনি বলেন, জামায়াত যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে এমন খবর সংবাদপত্রে এসেছে। সমস্ত কাগজপত্র সরকারের কাছে আছে। তদন্ত হচ্ছে।আওয়ামী লীগের বেনজির আহমদের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের সঙ্গে একাত্ম হয়ে মাঠে নেমেছে তাদের বাঁচাতে। এটা জাতির জন্য লজ্জাজনক। যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীর সহায়তা চেয়ে তিনি বলেন, বিরোধী দল যাতে যুদ্ধাপরাধীদের পক্ষ না নেয়, সে জন্য দেশবাসীর উচিত তাদের ওপর চাপ প্রয়োগ করা। আশা করব, মূল বিরোধী দল যুদ্ধাপরাধীদের সঙ্গে থাকবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘তবে যুদ্ধাপরাধের বিচারকাজে যারা, যেখানে এবং যেভাবেই বাধা দিক না কেন, পিছু হটার কোনো কারণ নেই। এ দেশের প্রচলিত আইনেই সব বাধাদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে। সরকারের চেষ্টা ও জনগণের সহায়তা থাকলে বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে শিগগিরই এ দেশকে এক ঐতিহাসিক দায় থেকে মুক্ত করতে সক্ষম হব।’ সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নতি করতে পরে না। এ বিষয়টি মাথায় রেখেই জাতিসংঘে শান্তির মডেল উপস্থাপন করি। এটা সেখানে গৃহীত হয়। আগে বাংলাদেশ সন্ত্রাসী, লুটপাটের দেশ হিসেবে চিহ্নিত ছিল। এখন সব ধর্মের মানুষ শান্তিতে বাস করে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সন্ত্রাসী ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে যেন এই অর্জিত সাফল্য বিনষ্ট না করা হয়।মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০১১-১৫ মেয়াদে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রবৃদ্ধির হার আট শতাংশে উন্নীত হবে। বর্তমান সময়ের তুলনায় দারিদ্র্য প্রায় এক-তৃতীয়াংশ কমে আসবে। পরবর্তী পর্যায়ে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২১) মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন সাধন করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে বিশ্বমানে উন্নীত করতে সরকার সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রেলওয়ে একটি আধুনিক গণপরিবহন মাধ্যমে পরিণত হবে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে জাতীয় নারী উন্নয়ননীতি প্রণয়ণ করা হয়েছে।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কৃষি খাতে উন্নয়নের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন এবং আপামর জনসাধারণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে আসছে। তিনি ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৩১টি প্রকল্প সম্পর্কে সংসদকে অবহিত করেন।