সব মসজিদে আজ একই খুতবার অনুরোধ
আজ শুক্রবার জুমার নামাজে দেশের সব মসজিদে ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শীর্ষক একটি অভিন্ন খুতবা অনুসরণ করতে ইমামদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে একটি খুতবার নমুনা পাঠিয়ে এ অনুরোধ জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ খুতবাটি পড়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরবি ও বাংলায় এ খুতবা তৈরি করা হয়েছে। দুই পৃষ্ঠার এ খুতবায় মুসল্লিদের প্রতি শান্তির ধর্ম ইসলামের নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে এবং সন্তান-সন্তুতিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
খুতবায় বলা হয়, ‘হে মুসলিমগণ! আপনারা আপনাদের সন্তান-সন্তুতির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’
খুতবার শেষ দিকে বলা হয়, ‘সব শেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদের, আমাদের যুবকদের সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে। হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন। একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।’