ইসলামিক ফাউন্ডেশন রমজান মাসে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার বলা হয়, বিভিন্ন মসজিদে খতম তারাবিতে বিভিন্ন মাত্রায় কোরআন তিলাওয়াত করা হয় বলে কাজের জন্য বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এতে অনেকে অতৃপ্তি ও মানসিক চাপে ভোগেন। বিজ্ঞপ্তিতে এ অবস্থার নিরসন করতে আলেমদের পরামর্শের ভিত্তিতে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করার পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, তা হলে ২৭ রমজান রাতে অর্থাৎ লাইলাতুল কদরে কোরআন খতম করা সম্ভব।ইসলামিক ফাউন্ডেশন বলছে, ইতিপূর্বে বিষয়টি নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা উবায়দুল হকসহ অন্য আলেম ও ইমামদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও এ পদ্ধতিতে খতম তারাবি পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন। অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।