সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেন করার পরিকল্পনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেন করার পরিকল্পনা সরকারের রয়েছে। ইতিমধ্যে এক হাজার ৬৫৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার জন্য চুক্তি হয়েছে। দেশের দুটি প্রতিষ্ঠান ও একটি বিদেশি প্রতিষ্ঠান যৌথভাবে এই নির্মাণকাজ করবে। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে দুটি সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করা হবে। বিএনপির অনুপস্থিত সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে। এটি শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরে। তিনি জানান, সেতু বিভাগের অধীনে মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়নাধীন রয়েছে। পদ্মা সেতু প্রকল্পে অগ্রগতি বেশ সন্তোষজনক। ইতিমধ্যে সেতুর স্কিম ডিজাইন চূড়ান্ত করা হয়েছে এবং প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে। যোগাযোগমন্ত্রী বলেন, কচা নদীর ওপর বেকুটিয়া সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। সেতু বিভাগের কার্যপরিধি অনুযায়ী এক হাজার ৫০০ মিটার এবং তদুর্ধ্ব দৈর্ঘ্যের সেতু নির্মাণের স্থান চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারি দলের সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা সরকারের আছে। এই পথে অধিকসংখ্যক যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ডুয়েল গেজ লাইন করার কাজ শেষ হলে অপারেটিং মান উন্নীত করে ভবিষ্যতে কনটেইনার ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে আন্তদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেসসহ মোট ৭২টি আন্তনগর ট্রেন চলাচল করছে। বেসরকারিভাবে পরিচালিত ট্রেনের সংখ্যা ৬৩টি। পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তা: বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নসরুল হামিদের প্রশ্নের জবাবে জানান, সরকার পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে। এ লক্ষ্যে আইন প্রণয়নের বিষয় প্রক্রিয়াধীন। তিনি বলেন, পাটের বহুমুখী ব্যবহার ও পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার উচ্চপর্যায়ের জুট কমিশন গঠন করেছে। সরকার পাট ও পাটজাত পণ্য উত্পাদন, বিপণন এবং পাটশিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে পাট খাতে লোকসান বন্ধ করা হবে। বিশ্বের বুকে পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনা হবে। জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি ঋণের মতো বিনা সুদে পাট ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের আছে। পাটবীজ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে উচ্চফলনশীল (উফশী) পাটবীজ উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অজর্ন এবং কৃষককে উফশী পাট চাষে উদ্বুদ্ধ করতে চলতি বছরের জুন থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে চাষিদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি স্থানীয় ব্যাংক বা ঋণ বিতরণকারী সংস্থার কাছ থেকে ঋণসুবিধা দেওয়ার উল্লেখ আছে। এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী জানান, ১৯৯১ সাল থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত ১৮ বছরে বৈধভাবে বিদেশে চাকরির জন্য গেছে এক লাখ ১৫ হাজার ৩৪২ জন নারী শ্রমিক।