সব মাদ্রাসা শিক্ষা এক ছাতার নিচে আনার দাবি

আলিয়া, কওমিসহ সব মাদ্রাসা শিক্ষার জন্য একই নীতিমালা এবং কর্তৃপক্ষের আওতায় আনার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির নেতারা। তাঁরা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে দেওয়া স্নাতকোত্তরের সমমানের স্বীকৃতি বাতিলেরও দাবি জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। কওমি মাদ্রাসার শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সৈয়দ অছিয়র রহমান। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন মোছাহেব উদ্দীন বখতিয়ার।
সমাবেশে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষানীতিকে সরকারিভাবে বিভক্ত করে মুসলমানদের বিভেদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সব মাদ্রাসা শিক্ষাকে এক নীতিমালার মাধ্যমে একই বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে হবে। দেশে এই নীতি কায়েম হলে ওয়াহাবি-সুন্নি বিতর্ক যেমন কমে আসবে, তেমনি ইসলামের নামে উগ্রবাদ-সন্ত্রাসবাদও কমবে। সরকার সুন্নি ও কওমি আলেমদের নিয়ে সিলেবাস ও নীতিমালা তৈরি করলে তাতে কোনো পক্ষের আপত্তি করার সুযোগ থাকবে না।
সমাবেশে বক্তারা আরও বলেন, কয়েক বছর ধরে অভিন্ন নীতিমালা তৈরির দাবি জানানো হচ্ছে। কিন্তু সরকার তাতে গুরুত্ব না দিয়ে হেফাজতের সঙ্গে অশুভ রাজনৈতিক আঁতাত করে দেশের ইসলাম ও মুসলমানদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আলিয়াসহ অন্যান্য মাদ্রাসা শিক্ষাকে সাধারণ পর্যায়ে নামানোর চক্রান্তের অংশ হিসেবে কওমিদের এই স্বীকৃতি দেওয়া হয় বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, সৈয়দ মছিহুদ্দৌলা, জালালুদ্দীন আল আজহারী, তৈয়ব আলী প্রমুখ।