সব মানুষের জন্য তথ্য সাক্ষরতা অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গতকাল শুক্রবার শুরু হয়েছে তথ্য সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় বক্তারা বলেন, সব শ্রেণী-পেশার মানুষের জন্য তথ্য সাক্ষরতা অপরিহার্য। জীবন চলার সর্বক্ষেত্রে রয়েছে এর ব্যবহার।

জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকা ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ, বাংলাদেশ (সিস,বি) দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। সাভারের ভাকুর্ত্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান। এতে শ্যামলাপুর উচ্চবিদ্যালয়, বি কে টি উচ্চবিদ্যালয়, মুশুরিখোলা উচ্চবিদ্যালয় এবং আয়োজক বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল তাদের জাতিসংঘ সাক্ষরতা ও তথ্য সাক্ষরতাসহ মুদ্রণ, অমুদ্রণ ও প্রযুক্তিগত তথ্যের উৎস এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। আজ শনিবার তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

জাতিসংঘ সাক্ষরতা বিষয়ে বক্তব্য দেন ইউনিক, ঢাকার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিস,বির চেয়ারম্যান কাজী আলী রেজা, তথ্য সাক্ষরতা সম্পর্কে ধারণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিস,বির নির্বাহী পরিচালক মু. মেজবাহ-উল-ইসলাম ও গবেষণা পরিচালক মিনহাজ উদ্দিন আহাম্মদ এবং মিডিয়া সাক্ষরতা বিষয়ে মিডিয়া পরিচালক চিন্ময় মুৎসুদ্দী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ধারণা উপস্থাপন করেন এ কে এম নুরুল আলম।

প্রশ্নোত্তর পর্বে অতিথিরা তথ্য, তথ্যের উৎস এবং জাতিসংঘ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছাত্রছাত্রীদের নানা জিজ্ঞাসার সমাধান তুলে ধরেন তাঁরা।

আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, ভাকুর্ত্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা নজরুল ইসলাম, সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম ও সমাজসেবক সালাউদ্দিন খান, আহমেদুল হাসান প্রমুখ।

প্রকৃত ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করার জন্য সিস,বি ও ইউনিক দেশের প্রত্যন্ত অঞ্চলে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে।