সব মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মিলন
সবগুলো মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পারিবারিক সূত্র জানায়, সর্বশেষ মামলায় তাঁর জামিনে মুক্তির আদেশ গতকাল শনিবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। মিলনের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, মিলনের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। একটি মামলায় তিনি জামিন পেলেই আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এ কারণে গত ২৫ মে মিলনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সর্বশেষ মামলায় জামিন পাওয়ার পর মিলনকে আর কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না বলে নির্দেশ দেন।কামরুল ইসলাম জানান, ইতিমধ্যে দায়ের করা ২৩টি মামলায় মিলন জামিন পেয়েছেন। হাইকোর্টের আদেশের পর গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সর্বশেষ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিনই মিলনের জামিননামা চাঁদপুর আদালতে দাখিল করা হয়। চাঁদপুর কারা কর্তৃপক্ষ সেটি যাচাই করে মিলনের মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কাগজপত্র পাঠায়। শনিবার সকালে সেই কাগজ পৌঁছায়। কিন্তু এখনো তিনি মুক্তি পাননি। মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় মিলনের স্ত্রী নাজমুন নাহার, মেয়ে তানজিদা সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন অসীমসহ ১৫-২০ জন নেতা-কর্মী মিলনের কারামুক্তির আশায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ফটকে উপস্থিত হন। কিন্তু সারা দিন অপেক্ষার পরও মিলনকে মুক্তি দেওয়া হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অসীম কান্তি পাল প্রথম আলোকে বলেন, ‘মিলনের জামিনের আদেশ কুমিল্লা কারাগারে পৌঁছেছে। আমরা যাচাই করার জন্য একজন ডেপুটি জেলারকে চাঁদপুরে পাঠিয়েছি। সেখান থেকে তথ্য আসার পর তিনি মুক্তি পাবেন।’মিলনের স্ত্রী নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে মিলনকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটক করে রেখেছে। এখন ষড়যন্ত্র করে তাঁকে অন্য কোনোভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।গত বছরের মার্চে একটি মামলায় কারাগারে পাঠানো হয় মিলনকে। মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, কারাগারে যাওয়ার পর থেকেই মিলনের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এর মধ্যে গত ১৩ মাসেই তাঁর বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। সবগুলো মামলাই ছয় থেকে সাত বছর আগের ঘটনার। শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঘড়ি ও মোবাইল ছিনতাই, পুকুরের মাটি চুরি—এসব অভিযোগে মামলাগুলো করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাদী হয়ে এসব মামলা করেন।