সব মামলায় জামিন, ফখরুলের মুক্তিতে বাধা নেই
রমনা থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে ফখরুলের বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আজ সোমবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত বছরের ৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ১ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়। এ মামলায় আজ মির্জা ফখরুল জামিনের আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, জয়নুল আবেদিন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে শাহবাগে একটি ও রমনা থানায় করা তিনটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় মির্জা ফখরুল ১৬ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
এর মধ্যে ২৭ মার্চ রমনা থানার দুটি মামলার একটিতে হাইকোর্ট থেকে ও অন্যটিতে নিম্ন আদালত থেকে জামিন পান মির্জা ফখরুল। শাহবাগ থানার মামলায় ৩ এপ্রিল তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ।
মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন জানান, হাইকোর্ট থেকে দুটি মামলায় ও নিম্ন আদালত থেকে দুটি মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর হওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।