
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিনই ছুটে আসেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। সমুদ্রে গোসল, সূর্যাস্ত দেখা—কতই কিছুই না হয়। প্রতিটি মুহূর্তই মুঠোফোনে সেলফি কিংবা ক্যামেরায় ধারণ করেন পর্যটকেরা। আর সৈকতে বসেই সঙ্গে সঙ্গে তা ভাগাভাগি করছেন ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের সঙ্গে। এ নিয়ে খুশি পর্যটকেরা।
গত ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার সৈকতের লাবণী ও কলাতলীতে চালু হয়েছে বিনা মূল্যের ওয়াই–ফাই সেবা। এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এর আগে প্রায় চার কিলোমিটার লম্বা সৈকতে স্থাপন করা হয় তিনটি ওয়াই–ফাই রাউটার। পৃথক তিনটি ওয়াই–ফাই রাউটার স্থাপন করে বেসরকারি প্রতিষ্ঠান আমরা কোম্পানিজ লিমিটেড।
১৩ মার্চ বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে দেখা গেছে, এক ঝাঁক তরুণ-তরুণী সৈকতের হাঁটুপানিতে নেমে তুলছেন সেলফি। ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড করছেন ফেসবুকে। চেয়ারে বসা পর্যটকদের কেউ কেউ আইএমও এবং ভাইভারে ভিডিও কলে কথা বলছেন স্বজনদের সঙ্গে। আবার অনেকে ইউটিউবে শুনছেন গান।
কথা হয় কুমিল্লার দাউদকান্দি এলাকার ব্যবসায়ী গিয়াস কামালের সঙ্গে। তিনি বলেন, ‘তিন দিন ধরে এই সৈকতে আছি। সঙ্গে পরিবারের চার সদস্য। সৈকতের আনন্দ ভাগাভাগি করতে সেলফিগুলো ফেসবুকে ছড়িয়ে দিচ্ছি। ফ্রি ইন্টারনেট সেবা চালু হওয়ায় পর্যটকেরা লাভবান হচ্ছেন। পাশাপাশি বিশ্বময় প্রচার হচ্ছে কক্সবাজারের সৈকতসহ নানা দর্শনীয় স্থান।’
লাবণী পয়েন্টের বালিয়াড়িতে বসে ফেসবুকে নিজেদের ছবি আপলোড করতে দেখা যায় তিন তরুণীকে—সুবাহ সিনথিয়া, নাজিয়া রাহা ও তসলিমা জাহান। তাঁরা কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী।
সুবাহ সিনথিয়া বলেন, সৈকতে নামলেই মুঠোফোনে ওয়াই–ফাই নেটওয়ার্ক পাওয়া যায়। তবে ১৫০ জনের নিচে ব্যবহারকারী হলে ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যায়। আর ব্যবহারকারী বেশি হলে গতি কমে যায়।
তাঁরা জানান, পর্যটকদের পাশাপাশি স্থানীয় অনেকে সৈকতে এসে ফ্রি ওয়াই–ফাইসুবিধা কাজে লাগাচ্ছেন। সৈকতের মতো শহরের বার্মিজ মার্কেট, লালদীঘিসহ বিভিন্ন এলাকায় ওয়াই–ফাইসুবিধা চালু করা গেলে ভালো হতো। বিনা মূলে৵ ওয়াই–ফাই সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান আমরা কোম্পানিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, ১০০ এমবিপিএস দ্রুতগতির প্রতিটি রাউটারে একসঙ্গে ১ হাজার মানুষ সংযুক্ত হতে পারেন। একসঙ্গে ব্যবহার করতে পারবেন ১৫০ জন ব্যক্তি। সৈকতের আরও কয়েকটি পয়েন্টে এ রকম আরও ফ্রি ওয়াই–ফাই রাউটার স্থাপনের কাজ চলছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিশ্বময় কক্সবাজারের পর্যটনকে তুলে ধরার জন্যই ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সৈকতসহ পুরো পর্যটন শহরকে ফ্রি ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। এখন সৈকতে বসেই পর্যটকেরা ইন্টারনেটের মাধ্যমে কক্সবাজারের সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরছেন।