সব মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারির ইউনিট প্রয়োজন
দেশে নগরায়ন ও শিল্পায়নের প্রসারের পাশাপাশি প্রতিবছর বাড়ছে পুড়ে যাওয়া এবং দুর্ঘটনায় আঘাত পাওয়া রোগীর সংখ্যা। এসব রোগী প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ হতে পারেন। অথচ আমাদের দেশে প্লাস্টিক সার্জারির সুবিধা খুবই সীমিত। নেই পর্যাপ্ত চিকিত্সক ও জনবল। এ বিষয়ে দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সব হাসপাতালে পৃথক প্লাস্টিক সার্জারির ইউনিট দরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্লাস্টিক সার্জারি-বিষয়ক প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে প্লাস্টিক সার্জারি সুবিধার বিস্তৃতির প্রয়োজন। এ সুবিধা আমরা জেলা-পর্যায়ে নিয়ে যেতে চাই।’ তিনি বলেন, এ বিষয়ে দেশে-বিদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও প্লাস্টিক সার্জারির ওপর প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিট চালুর জন্য তাঁরা কাজ করবেন।