সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করা যুদ্ধাপরাধীদের বিচার জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে।’গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীতে বেতিয়ারার শহীদ সহযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে মুক্তিযুদ্ধকালীন ন্যাপ, সিপিবি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর দ্বিতীয় ব্যাচের যোদ্ধারা অংশ নেন।অনুষ্ঠানে শফিক আহমেদ বলেন, ‘সত্যিকার অর্থে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আইনের শাসন প্রতিষ্ঠা, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং অপরাধ মার্জনার সংস্কৃতির ইতি টানতে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।’ বিজ্ঞপ্তি।