
সব যুদ্ধাপরাধীর ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার শপথ নিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া, সারা দেশে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধেরও শপথ নিয়েছে মঞ্চ।
গণজাগরণের বর্ষপূর্তিতে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বুধবার বিকেলে এই শপথ নেওয়া হয়।
গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলন গড়ে তোলে তরুণ প্রজন্ম। চেতনার প্রদীপ জ্বালানো সেই গণজাগরণে কেঁপেছে পুরো বাংলাদেশ। দেশময় ছড়িয়ে পড়েছিল শাহবাগের প্রতিধ্বনি। দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলিত হয়েছিলেন শাহবাগের সঙ্গে।
গতকাল ৫ ফেব্রুয়ারি ছিল সেই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। গণজাগরণ মঞ্চ এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের কর্মীরা। বেলা তিনটা ২৫ মিনিটে মূল কর্মসূচির শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর গণজাগরণ মঞ্চের কর্মীদের শপথ পাঠ করান ইমরান এইচ সরকার।
শপথে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। শপথ নেওয়া হয় জামায়াত-সংশ্লিষ্ট আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বয়কটের। এ ছাড়া, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ নির্মাণের জন্য কাজ করারও অঙ্গীকার করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা।
শপথবাক্য পাঠ করানোর সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, হাসান ইমাম, শিল্পী হাশেম খান, মানবাধিকার সংগঠক খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ব্লগার মারুফ রসুল, আরিফ জেবতিক প্রমুখ।
শপথ অনুষ্ঠানের পর বিকেল পাঁচটায় শাহবাগ থেকে বের হয় ‘জাগরণযাত্রা’। কারওয়ান বাজার ঘুরে সেটি শাহবাগে ফিরে শেষ হয়। জাগরণযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কার্টুন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিসংবলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। এ ছাড়া ট্রাকের ওপর তৈরি করা হয় প্রতীকী ফাঁসির মঞ্চ।
তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের স্মৃতিচারণা এবং রাতে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের পঙিক্তমালা পাঠ। কাল শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিকেলে হবে জাগরণ সমাবেশ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই মলাটের ভেতর শাহবাগ: বইয়ের নাম ‘শাহবাগ প্রজন্ম চত্বর: তারুণ্যের অবিস্মরণীয় জাগরণ’। সম্পাদনা করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক খোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অতিথিরা।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটা সময় মনে করা হয়েছিল, নতুন প্রজন্মের মধ্যে একাত্তরের চেতনা নেই। সমাজে সংবেদনশীলতার অভাব দেখা দিয়েছে। গণজাগরণ মঞ্চ সেই ধারণাগুলো ভেঙে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী। বক্তব্য দেন রোকেয়া কবীর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গণজাগরণ মঞ্চের আন্দোলনকর্মী আরিফ জেবতিক প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করা হয়। এ ধরনের প্রকাশনা ইতিহাস বিকৃতি রোধে সহায়তা করবে। অনাগত প্রজন্মকে শাহবাগের আন্দোলনের সঙ্গে যুক্ত করবে।
এটি কোনো গবেষণা বই নয়। শাহবাগের আন্দোলনকে ঘিরে গণমাধ্যম, ইন্টারনেট বা অন্যান্য মাধ্যমে প্রকাশিত লেখাপত্র এবং শাহবাগ আন্দোলনের বিভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত হয়েছে এ বই। এতে কিছু তথ্যগত ভুল আছে, যা পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে বলে জানালেন রোকেয়া কবীর।