সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলনের প্রতিজ্ঞা
‘বীর শহীদেরা, বাংলার মাটিতে সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবার প্রতিজ্ঞা করছি।’ বেলুন উড়িয়ে আকাশের ঠিকানায় শহীদদের উদ্দেশে চিঠি পাঠিয়ে এমন শপথ নিয়েছেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে আসা লোকজন। গতকাল বুধবার বিকেল চারটা ১৩ মিনিটে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত বীর শহীদদের উদ্দেশে এই খোলা চিঠি পাঠিয়ে শ্রদ্ধার পাশাপাশি শপথ নেন গণজাগরণ মঞ্চে আসা লোকজন। ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি সফল করতে বেলা তিনটা থেকে জামালখানের প্রেসক্লাব চত্বরে ভিড় করেন সর্বস্তরের মানুষ। মুক্তিযোদ্ধা, তরুণ-তরুণী, শিক্ষার্থী, শিশু-কিশোর থেকে শুরু করে গৃহিণীরাও অংশ নেন ব্যতিক্রমী এই কর্মসূচিতে। প্রত্যেকের হাতে হাতে ছিল রংবেরঙের বেলুন। বেলুনের নিচে সুতা দিয়ে চিঠি বাঁধা। একেকজনের চিঠিতে একেক রকম বক্তব্য। এক নারী তাঁর চিঠিতে লিখেছেন, ‘আমরা ৪২ বছর পর জেগে উঠেছি। আমাদের এত দিনের অক্ষমতার জন্য তোমরা ক্ষমা করো। তবে আজকের জাগ্রত তারুণ্য শহীদের রক্তের ঋণ শোধ না করে ঘরে ফিরবে না। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবই।’ বেলুন ওড়ানোর আগে ও পরে লোকজন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো গণজাগরণ মঞ্চ। চারটা ১৩ মিনিটের আধা মিনিট আগে থেকে ক্ষণ গণনা শুরু হয়। ক্ষণ গণনা শেষে ‘জয় বাংলা, ফাঁসি চাই ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে গর্জে ওঠে সমবেত জনতা। এরপর শুরু হয় প্রতিবাদী গান। গানের সঙ্গে কণ্ঠ মেলান সর্বস্তরের মানুষ। সন্ধ্যা থেকে গণজাগরণ মঞ্চে মানুষের ভিড় বাড়তে থাকে। রাত পর্যন্ত এই ভিড় অব্যাহত ছিল। একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও কর্মসূচি গ্রহণ করেছে গণজাগরণ মঞ্চ।