একাত্তরের সব যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত ‘লড়াই’ অব্যাহত রাখার শপথ নিয়েছে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’। গতকাল বুধবার সংগঠনের আহ্বায়ক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শপথ পাঠ করান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা উপলক্ষে গতকাল প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে দুটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এ কারণে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের সড়কে। তাতে ব্যাপক যানজট দেখা দেয়।
কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাসদস্যের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে গণসংযোগ শুরু করবে সংগঠনটি।
কর্মসূচিতে সংহতি জানাতে এসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের দল জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নাই। তিনি বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বললেও এখন পাকিস্তানিদের সঙ্গে গলা মেলাতে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন।
অবস্থান কর্মসূচিতে জাসদের সাংসদ শিরীন আখতার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ উপস্থিত ছিলেন।